স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচ। উপলক্ষটি স্মরণীয় করে রাখতে প্রস্তুত বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামও।
বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচের আগে স্টেডিয়ামের ভেতরের বিভিন্ন জায়ান্ট স্ক্রিনে আর্জেন্টিনার জার্সিতে তার স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরেছে রিভার প্লেট।
বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।
এই ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে মেসির বর্ণাঢ্য অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটতে যাচ্ছে।
মেসির বিদায়ী ম্যাচকে সামনে রেখে মনুমেন্তালের ভেতরের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে রিভার প্লেট।
স্টেডিয়ামের করিডোরে থাকা আধুনিক ভার্টিক্যাল স্ক্রিনগুলোতে আর্জেন্টিনার জার্সিতে মেসির করা ভিন্ন ভিন্ন গোলের দৃশ্য দেখানো হচ্ছে। প্রিয় তারকার স্মরণীয় মুহূর্তগুলো এভাবেই তুলে ধরে তাকে সম্মান জানাচ্ছে ক্লাবটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে রিভার প্লেট লিখেছে, ‘দশ নম্বরের শেষ পারফরম্যান্সের জন্য মনুমেন্তাল প্রস্তুত হচ্ছে।’ ভিডিওতে ব্যবহার করা হয়েছে ‘Arrancármelo’ গানটি। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর সমর্থকদের ধন্যবাদ জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই গানটি ব্যবহার করেছিলেন মেসি।
মেসির বিদায়ী ম্যাচ ঘিরে শুধু স্টেডিয়ামেই নয়, বাইরে থাকছে বড় আয়োজন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর থেকে উনিভার্সিদাদ দে বুয়েনস এইরেসের ইউনিভার্সিটি সিটি স্পোর্টস কমপ্লেক্সে শুরু হবে ফ্যান ফেস্ট। যেসব সমর্থক স্টেডিয়ামের টিকিট পাননি, তারা সেখানে ম্যাচটি উপভোগ করতে পারবেন।
ফ্যান ফেস্টে থাকবে সংগীত পরিবেশনা, খাবারের স্টল, বিভিন্ন খেলা, ইন্টার্যাকটিভ আয়োজন এবং ইনফ্লুয়েন্সার ও স্ট্রিমারদের উপস্থিতি। পাশাপাশি জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে মেসির বিদায়ী ম্যাচ।
ম্যাচ শুরুর আগে ও ম্যাচ শেষে মনুমেন্তালেও থাকছে সংগীতের আয়োজন। সেখানে পারফর্ম করবেন লা সোলে, উন পোকে দে রুইদো, উলিসেস বুয়েনো, আমার আজুল ও দামাস গ্রাতিস। আর্জেন্টিনার জাতীয় সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী ফাবিও সান্তানা।
ম্যাচ শেষে মেসির হাতে তুলে দেওয়া হবে তার ক্যারিয়ার স্মরণে একটি বিশেষ স্মারক ফলক ও জার্সি। মাঠে দেখানো হতে পারে তার ক্যারিয়ার নিয়ে তৈরি একটি আবেগঘন ভিডিওও। সব মিলিয়ে মেসির জাতীয় দলকে বিদায়ের রাতটি যে আবেগ ও স্মৃতিতে ভরপুর হতে যাচ্ছে, তার প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়ে গেছে।