ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬ ০৯:৪৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১ বার
ভূমিকম্প ও বজ্রপাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে যুক্তরাজ্যের সহযোগিতা সম্প্রসারণ নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎকালে আলোচনা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়াদি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
এ সময় দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে ভূমিকম্প ও বজ্রপাতসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের পরিধি আরও বাড়ানোর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়। বৈঠকে উভয় পক্ষই ঐতিহাসিক এই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।