আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬ ০৯:৩৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
ইরানের হামলায় বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় আঘাত লেগে অগ্নিকাণ্ড ঘটেছে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের বেশ কয়েকটি বিমান হামলা প্রতিহত করেছে।
এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ হামলা ছিল ‘ইরানি আগ্রাসনের’ অংশ।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনে অবকাঠামো ও সম্পদের ক্ষয়ক্ষতির কথা বলা হলেও কেউ হতাহত হননি। আগুন নিয়ন্ত্রণে আনতে সিভিল ডিফেন্স দল কাজ করছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই স্থাপনার নাম বা তা কোথায় অবস্থিত, সে বিষয়ে কিছু জানায়নি।
এর আগে বাহরাইনে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে এবং কী ধরনের হুমকি তা না জানিয়েই বাসিন্দাদের নিকটস্থ নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানায় মন্ত্রণালয়।
হামলার পর দেওয়া এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, তারা বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
আইআরজিসির দাবি, ওই ঘাঁটিগুলোতে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস করেছে তারা।
বিবৃতিতে বলা হয়, এ হামলা ছিল ইরানের আকাশসীমা লঙ্ঘন ও অব্যাহত আগ্রাসনের জবাব।
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ নজরদারি ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘনের পর আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের অভিযানে উল্লিখিত ঘাঁটিগুলোর মার্কিন সামরিক অবস্থানকে লক্ষ্যবস্তু করা হয়।
এর আগে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানায়, শেখ ইসা ও জুফায়ারে মার্কিন বাহিনী ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি।
আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমায় অব্যাহত লঙ্ঘনের জবাব দেওয়ার পাশাপাশি এ অভিযান চালানো হয়েছে ইরানের হেঙ্গাম দ্বীপে একটি রাডার স্থাপনায় মার্কিন হামলার পর।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রও সিত্রা দ্বীপে বিধ্বস্ত হয়ে বড় ধরনের আগুন লাগায়। সংস্থাটি ‘বাহরাইন নিউজ’ নামের একটি সংবাদমাধ্যমের বরাতে জানায়, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বারবার ত্রুটি এর জন্য দায়ী।
বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর মোতায়েন রয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে বারবার হামলা হয়েছে। কয়েক সপ্তাহের বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে তিনটি ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় অন্যান্য দেশও তেহরানের দিক থেকে বারবার হামলার মুখে পড়েছে।
সর্বশেষ ইরানি হামলায় প্রতিক্রিয়া
এক্সে দেওয়া এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় ২৮১৭ নম্বর প্রস্তাব বাস্তবায়নে ‘ইরানকে বাধ্য করতে দৃঢ় পদক্ষেপ’ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানায়।
গত ১১ মার্চ গৃহীত ওই প্রস্তাবে উপসাগরীয় দেশ ও জর্ডানের বিরুদ্ধে ইরানের হামলার নিন্দা জানানো হয় এবং শত্রুতা ও সামুদ্রিক চলাচলে হস্তক্ষেপ অবিলম্বে বন্ধের দাবি তোলা হয়।
শিল্প স্থাপনায় ইরানের হামলার পর গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) প্রধান বাহরাইনের প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছেন।
জিসিসির মহাসচিব জসিম মোহাম্মদ আলবুদাইবি বলেন, বাহরাইনের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা, স্থাপনা, নাগরিক ও বাসিন্দারা জিসিসি দেশগুলোর নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ এবং তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকি মোকাবিলায় কাউন্সিল ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।
তিনি আরও যোগ করেন, হামলা মোকাবিলায় বাহরাইন ‘যেসব পদক্ষেপই নেবে’, জিসিসি তার প্রতি সমর্থন জানায়।
সূত্র: আল জাজিরা