ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মার্কিন বিনিয়োগকারীদের আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ অগাস্ট, ২০২৬ ০৯:২৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


মার্কিন বিনিয়োগকারীদের আশ্বস্ত করলেন অর্থমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগের জন্য মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলকে নিশ্চিন্ত ও নির্ভয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের নীতি সহায়তা, সুযোগ-সুবিধা ও সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

 

বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ঢাকা সফররত মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠকে অর্থমন্ত্রী এসব প্রতিশ্রুতি দেন।

বৈঠকে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

এর পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, আপনারা নিশ্চিন্তে এবং নির্ভয়ে বিনিয়োগ করুন। আমরা আপনাদের সব ধরনের সুযোগ-সুবিধা ও সহযোগিতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

 

আমির খসরু বলেন, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নে বর্তমান সরকার ‘ডিরেগুলেশন’ বা নিয়ন্ত্রণ শিথিলকরণের নীতি গ্রহণ করেছে। এর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোর আমলাতান্ত্রিক জটিলতা কমানোর পাশাপাশি দুর্নীতি হ্রাসে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

তিনি বলেন, গত ১৫ বছরে একটি স্বৈরাচারী সরকার রাষ্ট্রব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছে এবং ব্যবসা-বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

অর্থমন্ত্রী আরও বলেন, ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নীতি সহায়তা সহজ করা এবং ব্যবসাবান্ধব আইন-কানুন প্রণয়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

 

 

বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অলিভার সিম্পসন। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বোর্ড চেয়ারম্যানের কোম্পানি প্রতিনিধি।

প্রতিনিধিদলের পক্ষে উদ্বোধনী বক্তব্য দেন মাস্টারকার্ডের বহুপাক্ষিক প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক বিষয়াবলি, সরকারি বিষয়াবলি ও নীতিমালা বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বোর্ড সদস্য রাভি অরোরা।

তিনি জানান, গণতান্ত্রিক সরকারের কাছে ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রত্যাশা। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের পরিবেশ পর্যবেক্ষণ করতে তারা সফরে এসেছেন। বাংলাদেশে বিনিয়োগের প্রচুর সুযোগ ও সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রাভি অরোরা বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতি সহায়তা পাওয়া গেলে মার্কিন ব্যবসায়ীরাও বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বদ্ধপরিকর।

বৈঠকে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নীতি সহায়তা জোরদার এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।


   আরও সংবাদ