স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ অগাস্ট, ২০২৬ ১৩:২৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৩১ বার
লিওনেল মেসির বাবার স্মৃতির প্রতি সম্মান জানানোর রাতে লিগস কাপ থেকে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেও মেক্সিকান ক্লাব লিওনের বিপক্ষে ৩-২ ব্যবধানের হার এড়াতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা।
বাবার শেষকৃত্য সম্পন্ন করে মঙ্গলবার রাতে আর্জেন্টিনা থেকে মায়ামিতে ফেরেন অধিনায়ক লিওনেল মেসি। বুধবারের ম্যাচে ইন্টার মায়ামি ১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধের শুরুতে তিনি মাঠে নামলে গ্যালারিভর্তি দর্শক তাকে দাঁড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
তবে দলের জয়ের জন্য সেটি যথেষ্ট ছিল না।
কলম্বিয়ান ফরোয়ার্ড দানিয়েল আরসিলার দুই গোলে চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেয় লিওন।
এর মাধ্যমে প্রথম দল হিসেবে এমএলএস ও লিগা এমএক্স-এর এই যৌথ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। গ্রুপ পর্বে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে রাউন্ড অব ১৬-এর বাকি দলগুলোর জন্য অপেক্ষা করছে লিওন।
অন্যদিকে, নকআউট পর্বে উঠতে হলে জয়ের পাশাপাশি অন্যান্য ম্যাচের ফলাফলের ওপরও নির্ভর করতে হতো ইন্টার মায়ামিকে। তবে ম্যাচ হেরে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। একই দিনে আতলেতিকো সান লুইসের সঙ্গে ২-২ গোলে ড্র করে অরল্যান্ডো সিটি বাদ পড়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন গ্রিজম্যানও।
২০২৩ সালে টুর্নামেন্টের পরিধি বাড়ানোর পর এই প্রথম প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হলো ইন্টার মায়ামিকে। সে বছরই মেসি, সের্হিও বুসকেতস ও জর্দি আলবার হাত ধরে প্রথমবার এই শিরোপা জিতেছিল ফ্লোরিডার ক্লাবটি।
পরের বছর, অর্থাৎ ২০২৫ সালেও তারা ফাইনালে ওঠে। তবে সেবার সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরে যায় মায়ামি। ম্যাচ শেষে হাতাহাতির ঘটনায় নিষিদ্ধ হওয়ায় চলতি আসরে খেলতে পারেননি লুইস সুয়ারেজ।
দল জটিল সমীকরণে থাকলেও নু স্টেডিয়ামের গ্যালারিজুড়ে মূল দৃষ্টি ছিল কঠিন সময় পার করা অধিনায়ক মেসির ওপরই। ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে নিজের বাবা ও এজেন্ট হোর্হে মেসিকে নিয়ে একটি আবেগঘন বিদায়ী বার্তা প্রকাশ করেন আর্জেন্টাইন মহাতারকা। যেখানে তিনি উল্লেখ করেন, 'ফুটবল খেলা আর বেশিদিন চালিয়ে যেতে পারব কি না, তা নিয়ে আমার মনে অনেক সংশয় রয়েছে।'