ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ অগাস্ট, ২০২৬ ০৯:৫৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
নতুন অর্থবছরের শুরু থেকেই ঊর্ধ্বমুখী প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ। এর ধারাবাহিকতায় চলতি আগস্টের প্রথম ১৭ দিনে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২.৭৫ টাকা হিসাবে) এর পরিমাণ প্রায় ২৩ হাজার ১৬৩ কোটি টাকা।
এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের ১ থেকে ১৭ তারিখ পর্যন্ত সময়ে প্রবাসীরা দেশে ১৮৮ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন। আগের অর্থবছরের (২০২৫-২৬) একই সময়ে (১-১৭ আগস্ট) রেমিট্যান্স এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার।
সেই হিসাবে বছরের ব্যবধানে ১৭ দিনে প্রবাসী আয় বেড়েছে ৪৬ কোটি ৩০ লাখ ডলার বা ৩২.৬ শতাংশ।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু অর্থাৎ ১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৪৭৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।
গত অর্থবছরের একই সময়ে (১ জুলাই থেকে ১৭ আগস্ট ২০২৫) এর পরিমাণ ছিল ৩৯০ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
হিসাব মতে, চলতি অর্থবছরের প্রথম দেড় মাসে (১ জুলাই-১৭ আগস্ট) রেমিট্যান্স প্রবাহে বিগত বছরের একই সময়ের তুলনায় ২১.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
ব্যাংকিং খাতে ডলারের আনুষ্ঠানিক দর কিছুটা বৃদ্ধি পাওয়া, কার্ব মার্কেট বা হুন্ডির সঙ্গে ব্যাংকিং চ্যানেলের দরের ব্যবধান কমে আসা এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের উৎসাহ বৃদ্ধি পাওয়ায় এ ইতিবাচক ধারা তৈরি হয়েছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।