ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাংলাদেশে কে কখন কিভাবে রাষ্ট্রপতি হয়েছেন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ অগাস্ট, ২০২৬ ০৯:১৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


বাংলাদেশে কে কখন কিভাবে রাষ্ট্রপতি হয়েছেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গঠন হওয়ার পর এ পর্যন্ত ১৯ ব্যক্তি বিভিন্ন মেয়াদ, বিভিন্নভাবে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে এসেছেন। এদের মধ্যে কেউ নির্বাচিত, কেউ দায়িত্বে কেউবা অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছেন।

অনেকেই একাধিকা মেয়াদে করেছে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন। কখন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ও কখনো মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার মধ্যে রাষ্ট্রপতি পরিবর্তনের নিয়ম ছিল একেক রকম।

 

নির্বাচন কমিশন (ইসি) ও রাষ্ট্রপতি কার্যালয় থেকে প্রকাশিত তথ্য থেকে বিষয়টি জানা গেছে। 

দেশের এ পর্যন্ত ১৯ জন বিভিন্ন দফায় রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হয়েছেন ১১ জন, ১২ বার।

অন্যরা রাজনৈতিক নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রাষ্ট্রপ্রধানে দায়িত্বে এসেছিলেন।

 

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, স্বাধীনতার পর বাংলাদেশে ১২টি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সময়ের সঙ্গে দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ব্যবস্থায় পরিবর্তন আসায় রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতেও পরিবর্তন দেখা গেছে। কখনো সংসদ সদস্যদের ভোটে, আবার কখনো সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

 

১৯৭৪ সালে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সংসদীয় ব্যবস্থার অধীনে মোহাম্মদ মোহাম্মদউল্লাহ রাষ্ট্রপতি নির্বাচিত হন। 

এরপর ১৯৭৮ সালের ৩ জুন অনুষ্ঠিত নির্বাচনে জিয়াউর রহমান, ১৯৮১ সালের ১৫ নভেম্বর নির্বাচনে আবদুস সাত্তার এবং ১৯৮৬ সালের ১৫ অক্টোবর নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৯০ সালে স্বৈরশাসনের পতনের পর দেশে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হলে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতেও পরিবর্তন আসে। পরোক্ষ ভোটে (সংসদ সদস্যদের ভোটে) নির্বাচনের পদ্ধতি আসে। ১৯৯১ সালের ৮ অক্টোবর নির্বাচনে আবদুর রহমান বিশ্বাস এবং ১৯৯৬ সালের ২২ আগস্ট নির্বাচনে শাহাবুদ্দীন আহমদ রাষ্ট্রপতি নির্বাচিত হন।

পরবর্তী সময়ে ২০০১ সালের ১৪ নভেম্বর নির্বাচনে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং ২০০২ সালের ১৬ সেপ্টেম্বর নির্বাচনে ইয়াজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচিত হন।

এরপর রাষ্ট্রপতি নির্বাচনের ধারাবাহিকতায় ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি জিল্লুর রহমান, ২০১৩ সালের ২২ এপ্রিল আবদুল হামিদ এবং ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি পুনরায় আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হন।

সর্বশেষ ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মোহাম্মদ সাহাবুদ্দিন নির্বাচিত হন।

রাষ্ট্রপতির দায়িত্বে এ পর্যন্ত ১৯ জন:

স্বাধীনতার পর বাংলাদেশের রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করেছেন রাজনীতিক, বিচারপতি, সামরিক কর্মকর্তা ও সংসদের স্পিকার। কখনো নির্বাচিত রাষ্ট্রপতি, কখনো অস্থায়ী বা ভারপ্রাপ্ত (দায়িত্বপ্রাপ্ত) রাষ্ট্রপতি হিসেবে এই পদে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন ব্যক্তি। রাজনৈতিক পটপরিবর্তন, সংবিধানের পরিবর্তন, রাষ্ট্রপতির মৃত্যু বা পদত্যাগ; বিভিন্ন কারণে একাধিকবার রাষ্ট্রপতির দায়িত্বে পরিবর্তন এসেছে।

১৯৭১ সাল থেকে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনকারীদের হিসাব করলে দেখা যায়, স্বতন্ত্র ব্যক্তি হিসেবে ১৯ জন কোনো না কোনো সময়ে রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপতির দায়িত্বপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে একই ব্যক্তি একাধিকবার বা একাধিক পর্যায়ে দায়িত্ব পালন করায় মোট দায়িত্বপর্বের সংখ্যা ২০ এর বেশি। 

এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, কোনো ব্যক্তির নাম সরকারি তালিকায় একাধিকবার থাকলেই তিনি একাধিকবার নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, এমন নয়। অনেক ক্ষেত্রে একই ধারাবাহিক দায়িত্বকালকে ভিন্ন ভিন্ন পর্যায়ে দেখানো হয়েছে। 

শেখ মুজিবুর রহমান: দুই দফায় রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে প্রথমেই আসে শেখ মুজিবুর রহমানের নাম। তার প্রথম দায়িত্বকাল ২৬ মার্চ ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২ পর্যন্ত। মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের কারাগারে বন্দি থাকলেও স্বাধীনতার ঘোষণার পর তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে গণ্য করা হয়। এরপর ১৯৭৫ সালে রাষ্ট্রপতি পদ্ধতি চালু হলে বঙ্গবন্ধু আবার রাষ্ট্রপতির দায়িত্ব নেন। তার দ্বিতীয় দায়িত্বকাল ছিল ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৫ আগস্ট ১৯৭৫। অর্থাৎ শেখ মুজিবুর রহমান দুই দফায় রাষ্ট্রপতি ছিলেন। 

সৈয়দ নজরুল ইসলাম: মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি

মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্বকাল ছিল ২৬ মার্চ ১৯৭১ থেকে ১০ জানুয়ারি ১৯৭২ পর্যন্ত। মুক্তিযুদ্ধকালীন সরকারের গুরুত্বপূর্ণ এই নেতা স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বে থাকা প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। 

বিচারপতি আবু সাঈদ চৌধুরী: তিন পর্যায়ের এন্ট্রি, কিন্তু এক দফা

১৯৭২ সালের ১২ জানুয়ারি বিচারপতি আবু সাঈদ চৌধুরী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

তার দায়িত্বকাল সরকারি তালিকায় তিনটি পর্যায়ে দেখানো হয়েছে-১২ জানুয়ারি ১৯৭২ – ১৭ ডিসেম্বর ১৯৭২, ১৭ ডিসেম্বর ১৯৭২ – ১০ এপ্রিল ১৯৭৩ এবং ১০ এপ্রিল ১৯৭৩ – ২৪ ডিসেম্বর ১৯৭৩। তবে এই তিনটি আলাদা রাষ্ট্রপতি মেয়াদ নয়। এটি একই ধারাবাহিক দায়িত্বকালের বিভিন্ন পর্যায়। ফলে ব্যক্তি হিসেবে বিচারপতি আবু সাঈদ চৌধুরী এক দফায় রাষ্ট্রপতি ছিলেন। 

মুহম্মদুল্লাহ: প্রথমে দায়িত্বপ্রাপ্ত, পরে রাষ্ট্রপতি

আবু সাঈদ চৌধুরীর পর সংসদের স্পিকার মুহম্মদুল্লাহ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। প্রথমে তিনি ২৪ ডিসেম্বর ১৯৭৩ থেকে ২৭ জানুয়ারি ১৯৭৪ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এরপর ২৭ জানুয়ারি ১৯৭৪ থেকে ২৫ জানুয়ারি ১৯৭৫ পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থাৎ তাঁর ক্ষেত্রে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের দুটি পৃথক ধরন ছিল-প্রথমে দায়িত্বপ্রাপ্ত এবং পরে রাষ্ট্রপতি। 

১৯৭৫ দ্রুত বদল আসে রাষ্ট্রপতি পদে:

১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর রাষ্ট্রপতির দায়িত্ব নেন খন্দকার মোশতাক আহমাদ। তাঁর দায়িত্বকাল ছিল ১৫ আগস্ট ১৯৭৫ থেকে ৬ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত। এরপর রাষ্ট্রপতির দায়িত্ব নেন বিচারপতি আবুসাদাত মোহাম্মদ সায়েম। তিনি ৬ নভেম্বর ১৯৭৫ থেকে ২১ এপ্রিল ১৯৭৭ পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন।

জিয়াউর রহমান: দুই পর্যায়ে তালিকাভুক্ত, এক ধারাবাহিক মেয়াদ

জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব নেন ২১ এপ্রিল ১৯৭৭। তাঁর দায়িত্বকাল সরকারি তালিকায় দুই ভাগে রয়েছে- ২১ এপ্রিল ১৯৭৭ থেকে ১২ জুন ১৯৭৮ এবং ১২ জুন ১৯৭৮ থেকে ৩০ মে ১৯৮১। 

আবদুস সাত্তার: অস্থায়ী রাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি

জিয়াউর রহমানের মৃত্যুর পর বিচারপতি আবদুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন। তিনি ৩০ মে ১৯৮১ থেকে ২০ নভেম্বর ১৯৮১ পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। এরপর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন ২০ নভেম্বর ১৯৮১ থেকে ২৪ মার্চ ১৯৮২ পর্যন্ত। অর্থাৎ আবদুস সাত্তারের ক্ষেত্রে ছিল অস্থায়ী রাষ্ট্রপতি এবং পরে রাষ্ট্রপতি—দুই পর্যায়ের দায়িত্ব। 

আহসান উদ্দীন চৌধুরী

১৯৮২ সালের রাজনৈতিক পরিবর্তনের পর বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দীন চৌধুরী রাষ্ট্রপতির দায়িত্ব নেন। তিনি ২৭ মার্চ ১৯৮২ থেকে ১১ ডিসেম্বর ১৯৮৩ পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। এটি ছিল তাঁর একটিই ধারাবাহিক দায়িত্বকাল।

হুসেইন মুহম্মদ এরশাদ: দুই পর্যায়ে দায়িত্ব

লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন ১১ ডিসেম্বর ১৯৮৩। সরকারি হিসাবে তাঁর দায়িত্বকাল দুই পর্যায়ে দেখানো হয়েছে-১১ ডিসেম্বর ১৯৮৩ – ২৩ অক্টোবর ১৯৮৬, ২৩ অক্টোবর ১৯৮৬ – ৬ ডিসেম্বর ১৯৯০।

১৯৯০-এর গণঅভ্যুত্থানের পর সাহাবুদ্দিন আহমদ

১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদের পতনের পর বিচারপতি সাহাবুদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতি হন। তিনি ৬ ডিসেম্বর ১৯৯০ থেকে ৯ অক্টোবর ১৯৯১ পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

আবদুর রহমান বিশ্বাস
আবদুর রহমান বিশ্বাস ৯ অক্টোবর ১৯৯১ থেকে ৯ অক্টোবর ১৯৯৬ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তার সময়েই বাংলাদেশে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়। ফলে রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতার ধরনেও বড় পরিবর্তন আসে।

সাহাবুদ্দিন আহমদ: দুই দফায় রাষ্ট্রপতি

বিচারপতি সাহাবুদ্দিন আহমদ বাংলাদেশের ইতিহাসে দুই দফায় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। প্রথমবার তিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন ৬ ডিসেম্বর ১৯৯০ থেকে ৯ অক্টোবর ১৯৯১ পর্যন্ত। এরপর ১৯৯৬ সালে তিনি আবার রাষ্ট্রপতি নির্বাচিত হন। দ্বিতীয় দফায় তার দায়িত্বকাল ছিল ৯ অক্টোবর ১৯৯৬ থেকে ১৪ নভেম্বর ২০০১। অর্থাৎ প্রথমবার অস্থায়ী রাষ্ট্রপতি এবং দ্বিতীয়বার নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে তিনি দুই দফায় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

বদরুদ্দোজা চৌধুরী

২০০১ সালের নির্বাচনের পর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার দায়িত্বকাল ছিল ১৪ নভেম্বর ২০০১ থেকে ২১ জুন ২০০২ পর্যন্ত। এক বছরেরও কম সময় রাষ্ট্রপতি পদে থাকার পর তিনি পদত্যাগ করেন। 

জমির উদ্দিন সরকার: রাষ্ট্রপতির দায়িত্বপ্রাপ্ত

বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর সংসদের স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার রাষ্ট্রপতির দায়িত্বপ্রাপ্ত হন। তিনি ২১ জুন ২০০২ থেকে ৬ সেপ্টেম্বর ২০০২ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন না; দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 

ইয়াজউদ্দিন আহম্মেদ

অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ৬ সেপ্টেম্বর ২০০২ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। তিনি ১২ ফেব্রুয়ারি ২০০৯ পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। অর্থাৎ তাঁর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বকাল ছিল প্রায় সাড়ে ছয় বছর। 

মো. জিল্লুর রহমান

২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি মো. জিল্লুর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব নেন। তিনি ১২ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২০ মার্চ ২০১৩ পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। তাঁর মৃত্যুর পর রাষ্ট্রপতি পদে সাময়িক শূন্যতা তৈরি হয়।

মো. আবদুল হামিদ: দুই মেয়াদের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারীদের অন্যতম মো. আবদুল হামিদ। জিল্লুর রহমানের অসুস্থতার সময় তিনি ১৪ মার্চ ২০১৩ থেকে ১৯ মার্চ ২০১৩ পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এরপর ২০ মার্চ ২০১৩ থেকে ২৩ এপ্রিল ২০১৩ পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। পরে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেন ২৪ এপ্রিল ২০১৩ থেকে ২৩ এপ্রিল ২০১৮ পর্যন্ত। এরপর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেন ২৪ এপ্রিল ২০১৮ থেকে ২৩ এপ্রিল ২০২৩ পর্যন্ত। অর্থাৎ মো. আবদুল হামিদ দুই মেয়াদে নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন। এর আগে তিনি ভারপ্রাপ্ত ও অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। 

মো. সাহাবুদ্দিন

মো. সাহাবুদ্দিন ২৪ এপ্রিল ২০২৩ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তাঁর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বকাল শেষ হয় ২৪ জুলাই ২০২৬। তার দায়িত্বের অবসানের মধ্য দিয়ে স্বাধীনতার পর রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনের আরেকটি অধ্যায়ের সমাপ্তি ঘটে। 

স্বাধীনতার পর স্বতন্ত্র ব্যক্তি হিসেবে ১৮ জন রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রপতির দায়িত্বপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাকে নিয়ে মোট ১৯ জন ব্যক্তি দাঁড়ায়।

১৯৯১ সালের আইনানুযায়ী, ২০ আগস্টও নির্বাচন হচ্ছে। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে এবার ৩৫ বছর পর ভোটগ্রহণ হচ্ছে। এতে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।


   আরও সংবাদ