ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬ বার
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় ধরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মির্জা আব্বাসকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী জড়ো হন।
রাত সাড়ে ৯টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৩ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এসময় তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও পরিবারের অন্য সদস্যরাও দেশে ফেরেন।
মির্জা আব্বাসের দেশে ফেরার খবর পেয়ে আগে থেকেই বিমানবন্দরে অবস্থান নেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ভিআইপি টার্মিনাল এলাকায় তাকে একনজর দেখতে ও স্বাগত জানাতে নেতাকর্মীদের ভিড় দেখা যায়।
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন মির্জা আব্বাস।
পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরোলজি বিশেষজ্ঞদের একটি চিকিৎসক দল তার চিকিৎসা শুরু করেন।
চিকিৎসার একপর্যায়ে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসা শেষে চিকিৎসকেরা তাকে নিয়মিত ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ দেন।
এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও অস্ত্রোপচারের পর আরও উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চলার পর তার ফিজিওথেরাপির প্রয়োজন হয়।
পরে ফিজিওথেরাপি ও পরবর্তী চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তিনি চিকিৎসা ও ফিজিওথেরাপি নেন।
দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে অবশেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস।
তার দেশে ফেরাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান ও তার সুস্থতা কামনা করেন।