ঢাকা, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সরকার ওয়াদা লঙ্ঘন করেছে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার


সরকার ওয়াদা লঙ্ঘন করেছে

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এ সরকার ওয়াদা দিয়ে ওয়াদা লঙ্ঘন করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না।

১১ দল আপনাদের পাশে আছে।’

 

শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের লংমার্চে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে পথসভায় এ কথা বলেন তিনি।

 

তিনি বলেন, ‘আপনাদের সঙ্গীরা লড়াই করেছিল। আপনাদের সঙ্গীদের শহীদদের দাবি পূরণ হয়েছে? হয়নি।

সেই দাবি পূরণ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। ইনশাআল্লাহ দাবি পূরণ করে ঘরে ফিরব।

 

জামায়াত আমির আরও বলেন, ‘আমরা রাস্তায় নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য। রাস্তায় নেমেছি ২৪-এর চার্টার বাস্তবায়ন করার জন্য। আমরা রাস্তায় নেমেছি চুলায় গ্যাস ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে বিদ্যুৎ এবং বাতি জ্বালানোর ব্যবস্থা করার জন্য।’

 

 

‘আমাদের ঐক্যবদ্ধ চেষ্টা আল্লাহ কবুল করবেন। আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমাদের এই লংমার্চ যেন সফল হয়। আজকে শুরু, শেষ নয়। ইনশাআল্লাহ বিজয়ের হাসি হেসে আপনারা ঘরে ফিরবেন।’

এতে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের (জাফর গ্রুপ) মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, মুখপাত্র আসিফ মাহমুদ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক যুবায়ের আহমেদ সরদারসহ অনেকে।


   আরও সংবাদ