আমির হোসেন মামুন
প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার
ফেনী, ৬ সেপ্টেম্বর ২০২৬:-
ফেনী শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন, অনিয়ন্ত্রিত ও অবৈধ অটোরিকশা চলাচল বন্ধ এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার দাবিতে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত ফেনীবাসী-এর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, স্বেচ্ছাসেবী সংগঠক, ব্যবসায়ী প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
Safe Roads Bangladesh-এর মূখ সংগঠক মনছুর আহমেদ রকির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সুর নিকেতনের সভাপতি জসিম মাহমুদ, সুনাগরিক ফোরামের প্রধান সমন্বয়ক মোর্শেদ হোসেন, বন্ধুজনের সাধারণ সম্পাদক নজির আহম্মদ রতন, অধিকারের ফোকাল পার্সন নাজমুল হক শামীম, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ডালিম হাজারী এবং ফেনী বাইক রাইডারস কমিউনিটির প্রতিনিধি বিপ্লব।
স্বেচ্ছাসেবী সংগঠকদের মধ্যে বক্তব্য রাখেন সেজানুল আলম প্রিয়, ওসমান গনি রাসেল ও খুরশিদ রহমান সূর্য।
মানববন্ধনে বক্তারা বলেন, ফেনী শহরের যানজট দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। অনিয়ন্ত্রিত অটোরিকশা চলাচল, অবৈধ স্ট্যান্ড, যত্রতত্র পার্কিং, ফুটপাত দখল এবং সড়ক ব্যবস্থাপনার নানা অনিয়মের কারণে প্রতিদিন সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। যানজটের কারণে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি সেবার যানবাহনও অনেক সময় আটকা পড়ছে।
বক্তারা আরও বলেন, যানজট নিরসনে শুধু সাময়িক অভিযান পরিচালনা যথেষ্ট নয়; প্রয়োজন দীর্ঘমেয়াদি, কার্যকর ও সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা। শহরের ধারণক্ষমতা ও সড়কের সক্ষমতা বিবেচনায় অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ, সকল যানবাহনকে বৈধ রেজিস্ট্রেশনের আওতায় আনা, নির্দিষ্ট রুট ও স্ট্যান্ড নির্ধারণ, অবৈধ পার্কিং বন্ধ এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
মানববন্ধন থেকে ফেনী শহরের যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ, অবৈধ অটোরিকশা ও স্ট্যান্ড বন্ধ, এবং একটি সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানানো হয়।
আয়োজকরা বলেন, নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন এবং একটি নিরাপদ, সুন্দর ও যানজটমুক্ত ফেনী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের নাগরিক উদ্যোগ ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকব।