ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০ বার


পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া। 

প্রাথমিক ফল অনুযায়ী, ৪৫০ আসনের স্টেট ডুমায় দলটি ৩৫৫টি আসন নিশ্চিত করেছে।

এটি ২০১৬ সালের ৩৪৩ আসনের আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। খবর গার্ডিয়ানের।

 

তিন দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সোমবার (২১ সেপ্টেম্বর) রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্রাথমিক ফল প্রকাশ করে। ৯৫ শতাংশের বেশি ভোট গণনার পর পাওয়া ফল অনুযায়ী, ইউনাইটেড রাশিয়ার আসনসংখ্যা তাদের পার্লামেন্টে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।

এই সংখ্যাগরিষ্ঠতা সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অন্য দলের সমর্থন ছাড়াই ভোট দেওয়ার সুযোগ তৈরি করে। 

 

ভোট পড়েছে ৫৯ শতাংশের বেশি
রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান এলা পামফিলোভা জানিয়েছেন, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৯ শতাংশ ছাড়িয়েছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর এটিই দেশটির প্রথম পার্লামেন্ট নির্বাচন। 

 

নির্বাচনে ইউনাইটেড রাশিয়ার পর কমিউনিস্ট পার্টি ৪০টি, এলডিপিআর ২৫টি এবং নিউ পিপল ২০টি আসন পেয়েছে বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে। 

বিরোধীদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন
নির্বাচনের পরিবেশ নিয়ে আন্তর্জাতিকভাবে বিতর্কও তৈরি হয়েছে। এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিন ও ইউক্রেন যুদ্ধের সমালোচনাকারী দলগুলো নির্বাচনে কার্যকরভাবে অংশ নেওয়ার সুযোগ পায়নি। যুদ্ধবিরোধী দল ইয়াবলোকোর জাতীয় পর্যায়ের প্রার্থী তালিকাও নির্বাচনে অনুমোদন পায়নি। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ফলাফলকে পুতিনকে ঘিরে রুশ সমাজের ঐক্যের প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে সমালোচকেরা নির্বাচনী পরিবেশের কঠোর নিয়ন্ত্রণ এবং বিরোধী শক্তির অংশগ্রহণ সীমিত থাকার বিষয়টি তুলে ধরেছেন। 

ভোটের শেষ দিনে ড্রোন হামলা
নির্বাচনের শেষ দিনে রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় বড় ধরনের ড্রোন হামলার খবর পাওয়া যায়। রুশ কর্মকর্তাদের দাবি, ইউক্রেনের হামলায় দুজন নিহত হন এবং একটি তেল শোধনাগারে আগুন লাগে। রুশ কর্তৃপক্ষের হিসাবে, ওই সময় বিপুলসংখ্যক ড্রোন প্রতিহত করা হয়। 

এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ইউক্রেন যুদ্ধের পঞ্চম বছরে। ভোটের ফল একদিকে পুতিনের দলের পার্লামেন্টীয় নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে, অন্যদিকে নির্বাচন প্রক্রিয়ায় বিরোধীদের অংশগ্রহণ ও যুদ্ধকালীন রাজনৈতিক পরিবেশ নিয়ে বিতর্কও অব্যাহত রয়েছে।


   আরও সংবাদ