ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩২৪৫ কোটি টাকা উত্তোলন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩২৪৫ কোটি টাকা উত্তোলন

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২০ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৯০ হাজার ৯৮ জন গ্রাহক ৩ হাজার ২৪৫ কোটি টাকা উত্তোলন করেছেন। একই সময়ে ব্যাংকটিতে নতুন করে ২ হাজার ৭০০ কোটি টাকার আমানত জমা পড়েছে।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) ব্যাংকটির পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট (পিআরডি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের ১ লাখ ৭৯ হাজার ৬৮২ জন গ্রাহক মোট ৬ হাজার ৯৭৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন।

পর্যায়ক্রমে এসব আবেদন নিষ্পত্তির অংশ হিসেবে ইতোমধ্যে ৯০ হাজার ৯৮ জন গ্রাহককে ৩ হাজার ২৪৫ কোটি টাকা পরিশোধ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বাকি আবেদনগুলোর বিপরীতে আমানত ফেরতের প্রক্রিয়াও চলমান রয়েছে।

 

অন্যদিকে, আমানত উত্তোলনের পাশাপাশি নতুন আমানত জমার চিত্রও পাওয়া গেছে। ব্যাংকটির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে নতুন করে ৩২ হাজার ৭৪টি ব্যাংক হিসাব খোলা হয়েছে।

এসব হিসাবে ৩৭৮ কোটি টাকা আমানত জমা পড়েছে।

 

এ ছাড়া বিভিন্ন খাত ও মাধ্যমে একই সময়ে ব্যাংকটিতে মোট ২ হাজার ৭০০ কোটি টাকার নতুন ফান্ড বা আমানত জমা হয়েছে।

ব্যাংক খাতের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, একীভূত পাঁচ ব্যাংকের মোট শাখা ৭৬১টি।

এর আগে, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি হিসাবধারীদের মূল আমানত ফেরতের বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেয়। সেই নির্দেশনা অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের কাছ থেকে মূল আমানত ফেরতের আবেদন নেওয়া শুরু হয়। ৭ সেপ্টেম্বর থেকে আবেদনকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করে ব্যাংকটি। প্রাথমিকভাবে গ্রাহকেরা তাদের হিসাবের জমা মূল অর্থ এককালীন উত্তোলন বা নগদায়নের সুযোগ পাচ্ছেন।

ব্যাংকটির আমানত ফেরত কার্যক্রম শুরুর পর থেকে গ্রাহকদের আবেদন অনুযায়ী পর্যায়ক্রমে অর্থ পরিশোধ করা হচ্ছে। একই সঙ্গে নতুন হিসাব খোলা ও আমানত জমার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, একদিকে পুরোনো আমানত ফেরতের আবেদন নিষ্পত্তি এবং অন্যদিকে নতুন আমানত জমার এই প্রবণতা ব্যাংকটির চলমান কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরছে। তবে নতুন আমানতের পরিমাণ ও উত্তোলনের পরিমাণ-দুই ধরনের তথ্যই ব্যাংকটির নিজস্ব বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রকাশ করা হয়েছে।


   আরও সংবাদ