ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিশ্ব পর্যটন বিকাশে ডিজিটাল ভবিষ্যৎ গড়ার আহ্বান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:১৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার


বিশ্ব পর্যটন বিকাশে ডিজিটাল ভবিষ্যৎ গড়ার আহ্বান

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটনের ভবিষ্যৎকে আরও উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক করতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, পর্যটন বিভিন্ন সংস্কৃতিকে সংযুক্ত করে এবং মানুষের জীবনকে সমৃদ্ধ করে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য-‘ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনের পুনর্গঠন’-বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ রূপান্তরকে তুলে ধরছে।

 

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ভ্রমণকারীদের গন্তব্য নির্বাচন, পর্যটন খাতের কার্যক্রম পরিচালনা এবং ভ্রমণ অভিজ্ঞতা তৈরির পদ্ধতিতে পরিবর্তন আনছে।

এটি ক্ষুদ্র ব্যবসাগুলোকে শক্তিশালী করা, সেবার মান উন্নত করা এবং নতুন সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে।

 

তবে যথাযথ নিয়ন্ত্রণ ও ভারসাম্য না থাকলে এআই পর্যটকদের কয়েকটি নির্দিষ্ট গন্তব্য ও প্ল্যাটফর্মের দিকে বেশি কেন্দ্রীভূত করতে পারে।

এতে অনেক সম্ভাবনাময় গন্তব্য পিছিয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করেন তিনি।

 

জাতিসংঘ মহাসচিব বলেন, প্রযুক্তিকে অবশ্যই মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে।

পর্যটনকর্মী, স্থানীয় জনগোষ্ঠী এবং উদীয়মান পর্যটন গন্তব্যগুলোকে ভবিষ্যৎ পরিকল্পনায় যুক্ত করতে হবে।

 

তিনি ডিজিটাল দক্ষতায় বিনিয়োগ, প্রযুক্তিতে সবার প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উদ্ভাবনের সুফল পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট মানুষ ও স্থানগুলোর কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বার্তায় অ্যান্তোনিও গুতেরেস বলেন, আসুন আমরা পর্যটনের জন্য এমন একটি ডিজিটাল ভবিষ্যৎ গড়ে তুলি, যা হবে উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক। নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে সবার জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করি।


   আরও সংবাদ