ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬ ০৯:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪ বার
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে যোগ দিয়ে মুম্বাই পুলিশের হাতে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভস্থল থেকে তাকে আটক করা হয়।
ইমরান খান বলিউড অভিনেতা আমির খানের ভাগ্নে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে অংশ নিতে আগস্ট ক্রান্তি ময়দানে গিয়েছিলেন ইমরান।
এ সময় পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। আটক হওয়ার পর পুলিশের গাড়ির ভেতর থেকে নিজের একটি ছবিও প্রকাশ করেন এই অভিনেতা।
মুম্বাই পুলিশ জানিয়েছে, বিক্ষোভ আয়োজনের জন্য তাদের কাছে অনুমতি চাওয়া হয়নি। বোম্বে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, মুম্বাইয়ে বিক্ষোভের অনুমোদিত স্থান আজাদ ময়দান।
তবে সিজেপির কর্মীদের দাবি, তারা ই-মেইলে পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন, কিন্তু কোনো জবাব পাননি।
হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, আজাদ ময়দান এলাকার কাছে পুলিশের অভিযানে আটক প্রায় ৪০০ প্রতিবাদকারীর মধ্যে ইমরান খানও ছিলেন। তবে তাকে আটকের পর কোথায় নেওয়া হয়েছে কিংবা পরে মুক্তি দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
এদিকে ব্যাপক ধরপাকড়ের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। দলের নেতা অজিঙ্ক শিন্ডে জানিয়েছেন, রোববার (১১ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের কর্মসূচি রয়েছে। দলের শীর্ষ নেতাদের আটকের পর আন্দোলনের নেতৃত্বও তার হাতে তুলে দেওয়া হয়েছে।
দলটির ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বার্তায় শিন্ডে দাবি করেন, সরকার বিরোধীদের ঐক্যবদ্ধ আন্দোলনে চাপে পড়েছে। তিনি সমর্থকদের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, পুলিশ যেখানে বাধা দেবে, সেখানেই প্রতিবাদ চালিয়ে যেতে হবে। জ্ঞানেশ কুমারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথাও জানিয়েছে দলটি।
সিজেপির এই আন্দোলনের মূল দাবি, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কথিত অনিয়মের দায় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। তবে ভোটার তালিকা সংশোধন নিয়ে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন বিজেপি।