ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এক কোটি পাটের বস্তা কিনবে সরকার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার


এক কোটি পাটের বস্তা কিনবে সরকার

ঢাকা: আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে খাদ্যশস্য সংরক্ষণ ও বস্তাবন্দীকরণের জন্য এক কোটি পিস নতুন পাটের বস্তা কিনবে সরকার। এতে ব্যয় হবে ৬৪ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা।

 

বুধবার (২৮ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, খাদ্য অধিদপ্তর উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৩০ কেজি ধারণক্ষমতাসম্পন্ন এক কোটি পিস পাটের বস্তা কেনার উদ্যোগ নেয়।

দরপত্রে ৪১টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ হাজার ১৪টি দরপত্র জমা পড়ে। এর মধ্যে ২৭টি প্রতিষ্ঠানের ৭২৭টি দরপত্র কারিগরি ও আর্থিক বিবেচনায় গ্রহণযোগ্য হয়।

 

পরে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে ছয়টি সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে বস্তা কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে প্রতি বস্তার গড় দাম পড়বে প্রায় ৬৪ টাকা ৪২ পয়সা।

প্রস্তাবিত দর দাপ্তরিক প্রাক্কলিত দরের চেয়ে ১ দশমিক ৫৭৪ শতাংশ বেশি।

 

বস্তা কেনার ব্যয় সরকারের নিজস্ব তহবিল থেকে পরিশোধ করা হবে। প্রতিবছর অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে সরকার। সংগৃহীত ধানসহ অন্যান্য খাদ্যশস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় প্রয়োজনীয় বস্তার চাহিদা মেটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


   আরও সংবাদ