ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬ ০৯:৩১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬ বার
সরকার বিদ্যুৎ খাতের উন্নয়ন ও নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, এজন্য বন্ড ছেড়ে অর্থ সংগ্রহের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
পাশাপাশি বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বাড়াতে সেগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬-এর দ্বিতীয় অধিবেশনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
‘জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ খাত ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক অধিবেশনে তিনি বিদ্যুৎ খাতের অর্থায়ন, পুঁজিবাজারের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
মন্ত্রী বলেন, আগের সরকারের রেখে যাওয়া বিদ্যুৎ খাতের ৬৩ হাজার কোটি টাকার বকেয়া কীভাবে পরিশোধ করে একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন অবস্থান থেকে নতুন করে কাজ শুরু করা যায়, তা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে।
এক্ষেত্রে বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশের পুঁজিবাজার এখনো যথেষ্ট গভীরতা অর্জন করতে পারেনি।
অথচ বিদ্যুৎ খাতের মতো বড় অবকাঠামো খাতে উন্নয়নের জন্য বিপুল অর্থের প্রয়োজন। শুধু ব্যাংকঋণের ওপর নির্ভর না করে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের মাধ্যমে এ খাতের মূলধন বাড়াতে চায় সরকার।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগের মেয়াদে দায়িত্বে থাকার সময় বিদ্যুৎ খাতের দুটি প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন তিনি। কিন্তু গত ১৭ বছরে প্রতিষ্ঠান দুটির আর্থিক ও ব্যবস্থাপনাগত অবস্থা দুর্বল হয়েছে। এখন সেগুলোকে আবার লাভজনক ও বিনিয়োগের উপযোগী করে গড়ে তোলার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, মাতারবাড়ীতে নতুন দুটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এর একটি আগে করার কথা থাকলেও জাপানি সহযোগীরা সরে যাওয়ায় সেটি নিজেদের অর্থায়নে করার চিন্তা করা হচ্ছে। এ প্রকল্পে নিজস্ব অর্থের পাশাপাশি বন্ড ছেড়ে অর্থ সংগ্রহের সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, কীভাবে বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করা যায়, তা নিয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। একইসঙ্গে অর্থমন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানিগুলোর ব্যয় ও ব্যবস্থাপনা যৌক্তিক পর্যায়ে আনার বিষয়েও আলোচনা চলছে।
রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানিগুলোর ব্যয় কাঠামো নিয়েও উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, এসব কোম্পানির বেতন-ভাতা, বাড়ি ও গাড়িসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যয় অনেক বেড়েছে। ফলে অনেক প্রতিষ্ঠান প্রত্যাশিত মুনাফা করতে পারছে না। কোম্পানিগুলোকে লাভজনক করতে ব্যয় কাঠামো যৌক্তিক ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পুঁজিবাজারে বিদ্যুৎ কোম্পানির তালিকাভুক্তির পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, কোনো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে সাধারণ মানুষও ওই প্রতিষ্ঠানের মালিকানার অংশীদার হতে পারেন। এতে কোম্পানির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ে। পাশাপাশি বিদ্যুৎ গ্রাহকেরা বিনিয়োগকারী হিসেবেও লভ্যাংশ পাওয়ার সুযোগ পান।
ইকবাল হাসান মাহমুদ বলেন, পুঁজিবাজারের বিকাশে সরকার সহযোগিতা করবে। বিদ্যুৎ খাতের উন্নয়নে শুধু ঋণের ওপর নির্ভর না করে পুঁজিবাজারকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।
বণিক বার্তা আয়োজিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ: সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’। অনুষ্ঠানে সরকারের নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন খাতের শীর্ষ নির্বাহীরা অংশ নেন। সেমিনার সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ।