ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৬ ০৯:৩৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৫ কোটি (১৩ দশমিক ৭৫ বিলিয়ন) মার্কিন ডলারে। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১ হাজার ২৯৯ কোটি (১২ দশমিক ৯৯ বিলিয়ন) ডলার।
সে হিসাবে বছরের ব্যবধানে তৈরি পোশাক রপ্তানি আয় বেড়েছে ৫ দশমিক ৮২ শতাংশ বা প্রায় ৭৫ কোটি ৬০ লাখ (৭৫৬ মিলিয়ন) ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে রপ্তানি আয়ের মোট প্রবৃদ্ধির প্রায় ৯৭ শতাংশ বা ৭৩ কোটি (৭৩০ মিলিয়ন) ডলার এসেছে মৌলিক বা বেসিক পোশাক খাত থেকে।
এ খাতে রপ্তানি আয় ৭ দশমিক ২৭ শতাংশ বেড়ে ১ হাজার ৭৮ কোটি (১০ দশমিক ৭৮ বিলিয়ন) ডলারে পৌঁছেছে। ফলে মোট পোশাক রপ্তানিতে মৌলিক পোশাকের অংশীদারত্ব ৭৭ দশমিক ৩৫ শতাংশ থেকে বেড়ে ৭৮ দশমিক ৪১ শতাংশে দাঁড়িয়েছে।
মৌলিক পোশাকের এ প্রবৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে তিনটি পণ্য। এর মধ্যে বটমওয়্যার (ট্রাউজার ও প্যান্টজাতীয় পোশাক) রপ্তানি আয় বেড়েছে ২৮ কোটি ৭০ লাখ ডলার, সোয়েটার ও কার্ডিগানে ১৯ কোটি ৫০ লাখ ডলার এবং টি-শার্ট ও ভেস্টে ১৪ কোটি ১০ লাখ ডলার।
এই তিন পণ্য মিলেই আলোচ্য সময়ে মোট রপ্তানি প্রবৃদ্ধির প্রায় ৮২ শতাংশ এসেছে। প্রধান পণ্যগুলোর মধ্যে সোয়েটার রপ্তানিতে প্রবৃদ্ধির হার ছিল সর্বোচ্চ ৮ দশমিক ৪৩ শতাংশ। এ ছাড়া ক্ষুদ্র অনুষঙ্গ খাতে ১১ দশমিক ২৬ শতাংশ প্রবৃদ্ধি হলেও এ খাতের রপ্তানি আয় ছিল মাত্র ৪ কোটি ৬০ লাখ ডলার।
অন্যদিকে, সেমি-বেসিক বা আধা-মৌলিক পোশাক (শার্ট ও ব্লাউজ) রপ্তানি আয় বেড়েছে মাত্র ১ দশমিক ২৩ শতাংশ। এ খাতে আয় দাঁড়িয়েছে ১১১ কোটি (১ দশমিক ১১ বিলিয়ন) ডলারে। তবে মোট পোশাক রপ্তানিতে এ খাতের অংশীদারত্ব ৮ দশমিক ৪২ শতাংশ থেকে কমে ৮ দশমিক ০৫ শতাংশে নেমে এসেছে।
উদ্বেগজনক চিত্র দেখা গেছে উচ্চমূল্যের বা অ্যাডভান্সড পোশাক পণ্যের ক্ষেত্রে। এ খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাত্র শূন্য দশমিক ৬৭ শতাংশ বা ১ কোটি ২০ লাখ ডলার। এতে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ১৮৬ কোটি (১ দশমিক ৮৬ বিলিয়ন) ডলারে। এর মধ্যে আউটারওয়্যার খাতে ৩ কোটি ৮০ লাখ ডলার এবং টেকনিক্যাল ওয়্যারে ১ কোটি ৬০ লাখ ডলারের প্রবৃদ্ধি হয়েছে। তবে তিনটি প্রধান পণ্যের রপ্তানিতে উল্লেখযোগ্য পতন ঘটেছে। ড্রেস রপ্তানি কমেছে ১২ দশমিক ৮৩ শতাংশ, স্পোর্টসওয়্যার ও অ্যাক্টিভওয়্যার ৮ দশমিক ২৪ শতাংশ এবং স্যুট ও এনসেম্বল ১৪ দশমিক ৯৭ শতাংশ। এই তিন পণ্য মিলিয়ে প্রায় ৪ কোটি ১০ লাখ ডলারের রপ্তানি আয় কমেছে।
ফলে মোট পোশাক রপ্তানিতে উচ্চমূল্যের পণ্যের অংশীদারত্বও কমেছে। গত অর্থবছরের একই সময়ের ১৪ দশমিক ২৩ শতাংশ থেকে তা নেমে এসেছে ১৩ দশমিক ৫৪ শতাংশে।