ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পল্লবীতে শুটার সাব্বির গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬ ১০:২৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯ বার


পল্লবীতে শুটার সাব্বির গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগে মো. সাব্বির হোসেন ওরফে শুটার সাব্বিরকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা দুই সহযোগী মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পল্লবী থানার সেকশন-১১, অ্যাভিনিউ-৫, লাইন-২২ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সামনে থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানা পুলিশ জানতে পারে, ওই এলাকায় তিনজন সন্ত্রাসী অবস্থান করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।

পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেপ্তার করে। এসময় অপর দুজন মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

 

স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, এলাকায় আতঙ্ক সৃষ্টি ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে ওই সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ করে। তবে ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে কোনো আলামত পাওয়া যায়নি।

 

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার সাব্বির ও পলাতক দুজন শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রুপের সদস্য।

গ্রেপ্তার সাব্বিরের বাবার নাম মো. মোস্তাক। তার স্থায়ী বাড়ি মানিকগঞ্জের শিবালয় থানার আরিচা এলাকায়। বর্তমানে তিনি পল্লবীর সেকশন-১১-এর পলাশনগর আবাসিক এলাকার চুয়ান্ন প্লটে বসবাস করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাব্বিরকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক দুই সহযোগীকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


   আরও সংবাদ