ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

তাইওয়ানের নির্বাচন প্রভাবিত করতে এআইনির্ভর প্রচারে চীনপন্থীরা

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬ ১৮:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ১৫ বার


তাইওয়ানের নির্বাচন প্রভাবিত করতে এআইনির্ভর প্রচারে চীনপন্থীরা

প্রথমে খাবার, প্রাণী ও বিনোদন নিয়ে পোস্ট। কখনো তারকাদের ছবি, কখনো যৌন আবেদনময় কনটেন্ট।

এভাবে অনুসারী বাড়ানোর পর সেই অ্যাকাউন্ট থেকেই ছড়ানো হচ্ছে চীনপন্থী রাজনৈতিক বার্তা। তাইওয়ানের আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এআইনির্ভর এমন প্রচারাভিযানের সন্ধান পেয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা।

 

যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ ধরনের সমন্বিত প্রচার কার্যক্রম শনাক্ত করেছেন। তাদের গবেষণায় দেখা গেছে, ভুয়া অ্যাকাউন্টগুলো প্রথমে খাবার, প্রাণী ও বিনোদনের মতো অরাজনৈতিক বিষয় নিয়ে পোস্ট করে অনুসারী বাড়ায়।

পরে এসব অ্যাকাউন্ট ব্যবহার করে চীনপন্থী রাজনৈতিক বার্তা ছড়ানো হয়।

 

আগামী ২৮ নভেম্বর তাইওয়ানে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

দ্বীপটির বিভিন্ন শহর ও কাউন্টিতে ১১ হাজারের বেশি পদে এ নির্বাচন হবে। স্বশাসিত গণতান্ত্রিক অঞ্চল তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন।

 

তাইওয়ানের বেসামরিক গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ব্যুরো নির্বাচনে চীনের হস্তক্ষেপের বিষয়ে সতর্ক করেছে। এ মাসে তাইওয়ানের কর্মকর্তারা মেটাকে কয়েক হাজার অ্যাকাউন্টের তথ্য দিয়েছেন। তাদের দাবি, এসব অ্যাকাউন্ট চীনের সঙ্গে সংশ্লিষ্ট এবং নির্বাচনে প্রভাব বিস্তারের প্রচারে যুক্ত।

ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা অক্টোবর ও নভেম্বর মাসে এসব অ্যাকাউন্টের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে প্রভাব বিস্তারে প্রচলিত প্রচারপদ্ধতির পাশাপাশি এআইনির্ভর সমন্বিত অপ্রামাণিক কার্যক্রম চালানো হচ্ছে।

গবেষণায় সহযোগিতা করেছে তাইওয়ানের অলাভজনক সংস্থা ডাবলথিংক ল্যাব। এআই দিয়ে তৈরি পোস্ট ও ভুয়া কনটেন্ট শনাক্ত করতে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে তৈরি নতুন একটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি ইংরেজি ও চীনা ভাষার কনটেন্ট বিশ্লেষণ করতে পারে।

ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ন্যাশনাল সিকিউরিটির উইকড প্রবলেমস ল্যাবের পরিচালক ব্রেট জে গোল্ডস্টেইন বলেন, মানুষের পরিচালিত অ্যাকাউন্ট ও এআইনির্ভর অ্যাকাউন্টের ভাষা ও শব্দ ব্যবহারের সূক্ষ্ম পার্থক্য শনাক্তের পদ্ধতি তৈরি করেছেন তারা। এর মাধ্যমে আপাতদৃষ্টিতে সম্পর্কহীন বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে একই ধরনের রাজনৈতিক বক্তব্য প্রচারের যোগসূত্র খুঁজে পেয়েছেন গবেষকেরা।

তাদের পর্যবেক্ষণে দেখা গেছে, কিছু অ্যাকাউন্টে খাবার, প্রাণী ও তারকাদের নিয়ে পোস্ট করা হচ্ছে। আবার কিছু অ্যাকাউন্টে যৌন আবেদনময় ছবি প্রকাশ করে অনুসারী আকৃষ্ট করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ছবিকে ‘থার্স্ট ট্র্যাপ’ বলা হয়। এসব বিনোদনমূলক পোস্টের ফাঁকে চীনের পক্ষে এবং তাইওয়ানের সঙ্গে একীভূত হওয়ার সমর্থনে রাজনৈতিক বার্তা ছড়ানো হচ্ছে।

কিছু অ্যাকাউন্ট থেকে তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) বিরুদ্ধে সরাসরি প্রচার চালানো হচ্ছে। দলটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি ক্ষমতায় থাকাকালে নেওয়া বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করা হচ্ছে।

তবে সব অ্যাকাউন্টের কৌশল এক নয়। একটি ভুয়া অ্যাকাউন্ট নিজেদের ক্ষমতাসীন দলের সমর্থক হিসেবে পরিচয় দিচ্ছিল। কিন্তু গবেষকেরা দেখেছেন, অ্যাকাউন্টটি চীনপন্থী এমন কিছু পোস্টে প্রতিক্রিয়া জানাচ্ছিল, যেগুলো তেমন সাড়া পাচ্ছিল না। এতে চীনের পক্ষে প্রচারিত বার্তাগুলো আরও বেশি মানুষের নজরে আসার সুযোগ তৈরি হচ্ছিল।

গবেষকেরা আরও দেখেছেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অ্যাকাউন্টের মধ্যে সমন্বয় রয়েছে। প্রচারের প্রভাব বাড়াতে তারা বিভিন্ন কৌশলও পরীক্ষা করছে।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও বিনোদন ও তারকাদের নিয়ে পরিচালিত অ্যাকাউন্টের মাধ্যমে রাজনৈতিক বার্তা ছড়ানোর কৌশল দেখা গেছে। সে সময় থ্রেট ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান আলেথিয়া রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কিছু ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করেছিল। এসব অ্যাকাউন্টের লক্ষ্য ছিল ডেমোক্র্যাটদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা।

ভ্যান্ডারবিল্টের গবেষণায় দেখা গেছে, তাইওয়ানের নির্বাচন সামনে রেখে কয়েক মাস ধরে ইনস্টাগ্রামে এআই দিয়ে তৈরি উসকানিমূলক ছবি পোস্ট করছিল কিছু অ্যাকাউন্ট। নির্বাচনের সময় ঘনিয়ে এলে সেগুলো থেকে থ্রেডসে রাজনৈতিক বার্তা ছড়ানো শুরু হয়। থ্রেডস ইনস্টাগ্রামের সহযোগী সামাজিক যোগাযোগমাধ্যম।

ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ব্রেট বেনসন বলেন, তাইওয়ানের নির্বাচন ঘিরে এ প্রচারাভিযানের প্রস্তুতি নেওয়া হয়েছে দীর্ঘ সময় ধরে। কৃত্রিম পরিচয়ে পরিচালিত অ্যাকাউন্টগুলো কয়েক মাস ধরে অরাজনৈতিক বিষয় নিয়ে পোস্ট করে অনুসারী বাড়িয়েছে। এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বাসযোগ্যতা তৈরির পর অ্যাকাউন্টগুলো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

ব্রেট বেনসনের ভাষ্য, এআই প্রযুক্তির কারণে এ ধরনের কৃত্রিম পরিচয় তৈরি ও পরিচালনা সহজ হয়েছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বাসযোগ্যতা অর্জনের পর এসব অ্যাকাউন্টকে রাজনৈতিক প্রচারে কাজে লাগানো সম্ভব হচ্ছে।

গবেষকদের ধারণা, এসব অ্যাকাউন্টের অনেকগুলোই ‘সাইবর্গ অ্যাকাউন্ট’। অর্থাৎ, এগুলোতে এআই দিয়ে তৈরি ছবি ও স্লোগানের সঙ্গে মানুষের পরিচালিত প্রচার কার্যক্রমের সমন্বয় রয়েছে। কিছু অ্যাকাউন্টে নিয়মিত অফিস চলাকালীন সময়ে পোস্ট করা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, এগুলো পরিচালনায় মানুষের সম্পৃক্ততা রয়েছে; পুরোপুরি স্বয়ংক্রিয় নয়।

এর আগে চীনা প্রতিষ্ঠান গোলোক্সি নিয়ে গবেষণা করে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানতে পেরেছিলেন, প্রতিষ্ঠানটি এআই ব্যবহার করে নির্দিষ্ট জনগোষ্ঠীর মতামত ও দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাজনৈতিক বার্তা তৈরির চেষ্টা করছিল। ব্যক্তিগত বিশ্বাসের সঙ্গে মেলে এমন বার্তা বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের প্রভাবিত করাই ছিল এর উদ্দেশ্য।

তবে নতুন গবেষণায় এখন পর্যন্ত এ ধরনের অতিমাত্রায় লক্ষ্যভিত্তিক প্রচারাভিযানের প্রমাণ পাননি গবেষকেরা। বিষয়টি নিয়ে তাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে চীনা দূতাবাস ও ওয়াশিংটনে তাইওয়ানের প্রতিনিধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেয়নি।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস


   আরও সংবাদ