ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব কেএম শাখাওয়াত মুনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাতে ছাত্রদলের নেতাকর্মীরা রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
শাখাওয়াতকে আটকের ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন। ভিডিওতে দেখা যায়, শাখাওয়াতকে জিজ্ঞাসাবাদ করছে ছাত্রদলের নেতাকর্মীরা।
কেএম শাখাওয়াত জানান, তিনি ওএসডি অবস্থায় আছেন। ভিডিওতে আরও দেখা যায়, ছাত্রদল নেতাকর্মীরা তাকে কান ধরতে বলেন।
তিনি কান ধরেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে কেএম শাখাওয়াতকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচাই বাছাই চলছে।