ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮ বার


টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একযোগে পদত্যাগ করেছেন ইউনিয়ন বিএনপির ছয় নেতা ।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

 

পদত্যাগকারী নেতারা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, দীর্ঘ দিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পাটগাতী ইউনিয়ন শাখার বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

কিন্তু দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন। এ কারণে সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজ নিজ সিদ্ধান্তে দলের নিজ নিজ পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

 

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, পদত্যাগের সিদ্ধান্তের মাধ্যমে তারা বিএনপির সব ধরনের সাংগঠনিক ও দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। একইসঙ্গে ভবিষ্যতে বিএনপি কিংবা দলটির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তনা থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

 

পদত্যাগকারী ছয় নেতা তাদের বক্তব্যে দাবি করেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেওয়া হয়েছে। এ বিষয়ে কারও কোনো চাপ, প্ররোচনা কিংবা প্রভাব নেই। তাদের এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সবাইকে অবহিত করতে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সংবাদটি প্রকাশের অনুরোধ জানান তারা।

একই ইউনিয়ন শাখার ছয় নেতার একযোগে পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমে এর কী প্রভাব পড়ে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল দেখা দিয়েছে।

এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


   আরও সংবাদ