ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬ ১৬:৩৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজন করে ডিএনসিসি।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে হাতিরঝিলের পুলিশ প্লাজা প্রান্ত থেকে প্রতিযোগিতা শুরু হয়। নৌকাগুলো এফডিসি প্রান্ত ঘুরে আবার পুলিশ প্লাজায় ফিরে আসে।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১০টি নৌকা অংশ নেয়।নৌকাগুলোর নাম পদ্মা, মেঘনা, যমুনা, কালীগঙ্গা, কর্ণফুলী, সুরমা, বালু নদী, তিস্তা, ইছামতী ও তুরাগ।
প্রতিযোগিতাটি পাঁচটি করে দুটি গ্রুপে ভাগ করে আয়োজন করা হয়।
প্রথম পাঁচটি নৌকার মধ্যে প্রতিযোগিতা শেষে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দুটি নৌকা এবং পরবর্তী পাঁচটি নৌকার মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী আরও দুটি নৌকা বাছাই করা হয়।
দুই পর্বের মোট চারটি বিজয়ী নৌকার প্রতিযোগীদের পুরস্কার দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন, সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ডিএনসিসির কর্মকর্তা, ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাংবাদিকরা।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫টি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ৩০০ ফিটে পাঁচ হাজারের বেশি দৌড়বিদ নিয়ে ম্যারাথন আয়োজন করা হয়েছে। এবার গ্রামবাংলার ঐতিহ্য ও বাংলাদেশের সংস্কৃতিকে নতুন করে ধারণ এবং ফিরিয়ে আনার লক্ষ্যে হাতিরঝিলে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, মশা নিয়ন্ত্রণ এবং নগরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদের কার্যক্রমও চলছে। একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর উপহার দেওয়া সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব।
মিল্টন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ঢাকা উত্তর সিটিতে পাঁচ লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গত নয় মাসে ইতোমধ্যে ৮২ হাজার গাছ লাগানো হয়েছে। নগরকে আরও সবুজ করতে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।
বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, সড়কে কোনো বর্জ্য বা ময়লা থাকতে দেওয়া হবে না। এ লক্ষ্যে নগরীর বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। তবে কিছুদিন পর এসব ডাস্টবিন উধাও হয়ে যাওয়ার ঘটনা দেখা যাচ্ছে। ডাস্টবিনগুলো রক্ষায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাদের সহযোগিতা চান তিনি।
যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগের কথা তুলে ধরে ডিএনসিসি প্রশাসক বলেন, ডিএনসিসি কাপ ফুটবল টুর্নামেন্টের লোগো ও জার্সি উন্মোচন করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে ঢাকার চারটি মাঠে এ টুর্নামেন্ট শুরু হবে।
তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে একটি মাঠ নির্মাণের জন্য ইতোমধ্যে দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া বিভিন্ন ওয়ার্ড ও থানায় থাকা খালি জায়গা সংস্কার করে খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে মিল্টন বলেন, দীর্ঘ ২২ বছর ধরে মিরপুরের ১০ নম্বর এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে হকাররা ব্যবসা করছিলেন। সেখান থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। একইভাবে মিরপুর-১ নম্বরে শাহ আলী মার্কেটের সামনের কাঁচাবাজার এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে মানুষের চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
হকারদের পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, মিরপুর-১ নম্বর ও দিয়াবাড়িতে হকারদের পুনর্বাসনের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। হকার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে দ্রুত এসব জায়গা পরিদর্শন করা হবে। মানবিক বিবেচনায় দীর্ঘদিন ধরে ব্যবসা করা হকারদের নির্দিষ্ট স্থানে ব্যবসার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে পুনর্বাসনের ব্যবস্থা হলেও ফুটপাত দখল করে ব্যবসা করার ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে নৌকাবাইচ দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাতিরঝিলে দর্শনার্থীরা ভিড় করেন। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে এ আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নৌকাবাইচ উপভোগ করে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।