ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১ বার
দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, পেট্রোলবোমা নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে এসব নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত অন্তত আটটি বাস, একটি ট্রেন, গ্রামীণ ব্যাংকের ছয়টি কার্যালয়, একটি বিদ্যুৎ উপকেন্দ্র, জুলাই স্মৃতিস্তম্ভ, সংসদ সদস্যের বাড়ি, পুলিশ ব্যারাক ও বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া তিনটি দোকানেও আগুন দেওয়া হয়েছে।
এসব ঘটনায় ঢাকার সাভার ও আশুলিয়ায় নাশকতার সরঞ্জামসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, নওগাঁ, বরিশাল ও জামালপুরে ১০টি ককটেল, দুটি হাতবোমা ও দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার পর আরও চারটি অবিস্ফোরিত পেট্রোলবোমা উদ্ধার করা হয়।
এসব ঘটনায় সংশ্লিষ্ট থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।
বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
ঢাকা উত্তর ও মিরপুর
সাভার ও আশুলিয়ায় চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ভোরে আশুলিয়ার গণকবাড়ি ও সরকার মার্কেট এলাকায় পার্কিং করে রাখা আলিফ পরিবহণের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে সাভার ও গাবতলীতে আরও দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ জানায়, হানিফ পরিবহণের আদলে সাজানো একটি বাস ব্যবহার করে নাশকতার পরিকল্পনা করছিল একটি চক্র। শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ওই বাসসহ ছয়জনকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার থানা পুলিশ। পরে হেমায়েতপুর থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বাসটি থেকে পেট্রোল, মশাল, ব্যানার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে রাজধানীর মিরপুরে ইতিহাস পরিবহণের একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়েছে। শনিবার রাত পৌনে ৮টার দিকে মিরপুর-১০ নম্বরে বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে এ ঘটনা ঘটে। মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
নারায়ণগঞ্জ
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকায় শুক্রবার রাত ৩টার দিকে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। ছয়টি মোটরসাইকেলে করে আসা ১২ জন দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নিরাপত্তাকর্মীকে হুমকি দেন। পরে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যান তারা।
পিরোজপুর
মঠবাড়িয়া বাসস্ট্যান্ডে শুক্রবার রাত ১২টার দিকে দাঁড়িয়ে থাকা আরাফাত পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়।
অন্যদিকে, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে শুক্রবার রাতে আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া মঠবাড়িয়ার ধানিসাফা শাখায় শনিবার ভোর ৫টার দিকে কেরোসিন ঢেলে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
রংপুর
নগরের আর কে রোড এলাকায় শনিবার ভোর ৫টার দিকে একটি গ্যারেজে রাখা বাসে আগুন দেওয়া হয়েছে। এতে বাসটির ইঞ্জিনসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
চাঁদপুর
আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে চাঁদপুর কোর্ট স্টেশনে ট্রেনটি পৌঁছালে পেছনের দিক থেকে দ্বিতীয় বগিতে আগুন দেখতে পান যাত্রীরা।
এতে বগিটির দুটি আসন পুড়ে যায়। তবে ট্রেনের কর্মীরা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।
রাজশাহী
নগরীর খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি উপকেন্দ্রে বৃহস্পতি ও শুক্রবার পরপর দুই রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
রাজশাহীতে শুক্রবার রাতে পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে পেট্রোলবোমা ও গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা-ছবি: সংগৃহীত
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দ্বিতীয় রাতে পেট্রোলবোমার বিস্ফোরণে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ সময় হামলাকারীরা তিন রাউন্ড গুলিও ছোড়ে। এতে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। হামলার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পরে ঘটনাস্থল থেকে আরও চারটি অবিস্ফোরিত পেট্রোলবোমা উদ্ধার করা হয়।
সিলেট
শনিবার ভোরে দক্ষিণ সুরমার তেতলি এলাকায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাড়ির টিনের চালে আগুন ধরে গেলেও নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।
এর আট দিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এ ছাড়া কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর আগে সিলেটের উপশহর, মোগলাবাজার ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও ব্যাংকটির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
চট্টগ্রাম
মীরসরাইয়ে শনিবার ভোররাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে নৈশপ্রহরীদের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ভোলা
লালমোহনে শুক্রবার রাতে একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় পাশের একটি পান দোকানও পুড়ে যায়।
মেহেরপুর
গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামে শুক্রবার রাতে বিএনপির দুই কর্মীর বাড়ির গেট লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।
ফরিদপুর
শুক্রবার রাত ৯টার দিকে কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। তবে সেটি ব্যারাকে না পড়ে পাশের পৌর মার্কেটের ছাদে বিস্ফোরিত হয়।
এ ছাড়া রাত ১২টার দিকে মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ কেটে ফেলে যান চলাচল বন্ধের চেষ্টা করা হয়।
নাটোর
জেলা শহরের ভবানীগঞ্জে শনিবার ভোররাতে সরকারি পাবলিক লাইব্রেরির সামনে থাকা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয়দের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে সাদা রুমাল বাঁধা এক যুবক জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে পালিয়ে যায়।
নওগাঁ
রাণীনগরে জঙ্গল থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে এসআরবির বিশেষায়িত দল। শনিবার সকালে উপজেলা সদরের হাতিরপুল এলাকা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
বরিশাল
আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের নুরে মদিনা মসজিদের পাশে পরিত্যক্ত অবস্থায় দুটি হাতবোমা পাওয়া যায়। শনিবার দুপুরে পুলিশ সেগুলো উদ্ধার করে।
জামালপুর
সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাজার ও রেলস্টেশন এলাকা থেকে শনিবার দুপুরে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।