ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০২ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিগত ১৭ বছর আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম। আগামী দিনেও এমপি হই বা না হই, আপনাদের ছেড়ে কোথাও যাবো না। আপনাদের পাশে থেকেই কাজ করে যাবো।

তিনি বলেন, আপনাদের কাছে আমার একটাই চাওয়া-১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমার বিজয় সুনিশ্চিত করবেন।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা সদরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

শামা ওবায়েদ বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমরা আবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ধানের শীষে ভোট দিন।

 

তিনি আরও বলেন, আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমানকে যেভাবে আপনারা ভালোবেসেছেন, ঠিক সেভাবেই আমাকে স্নেহ-মমতায় আগলে রেখেছেন। আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না।

ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির এই নেত্রী বলেন, নির্বাচিত হলে সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল, একটি বিশ্ববিদ্যালয় ও একটি আধুনিক গার্লস স্কুল প্রতিষ্ঠা করা হবে। যুবক ও নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে মিল-কারখানা গড়ে তোলা হবে এবং প্রবাসফেরত যুবকদের জন্য স্থানীয় পর্যায়ে কাজের সুযোগ সৃষ্টি করা হবে।

 

তিনি বলেন, কৃষকদের স্বার্থে কৃষিকার্ড ও ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা ন্যায্য সুবিধা পান।

শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে শামা ওবায়েদ বলেন, সালথার প্রতিটি মাদরাসা ও মসজিদ আধুনিকায়ন করা হবে। ছেলে-মেয়েদের জন্য নতুন মাদরাসা স্থাপন করা হবে। কওমি মাদরাসার শিক্ষার্থীরা লেখাপড়া শেষে যেন সমমানের সরকারি-বেসরকারি চাকরির সুযোগ পান, সে ব্যবস্থাও করা হবে।

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ শাহজাদা মিয়া, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর হক টুলু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ।

 

জনসভা শেষে এলাকাজুড়ে ধানের শীষের পক্ষে ব্যাপক উৎসাহ ও আলোড়ন সৃষ্টি হয়।


   আরও সংবাদ