ঢাকা, রবিবার, ০১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শুরু হতে পারে মেডিকেলের প্রথম বর্ষের ক্লাস

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:২৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯ বার


 শুরু হতে পারে মেডিকেলের প্রথম বর্ষের ক্লাস

মেডিকেল ও ডেন্টালের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আড়াই মাস পার হলেও এখনো প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে না। 

দ্বিতীয় দফার মাইগ্রেশনের ভর্তি কার্যক্রম শেষ হবে আগামী ১ মার্চ। তবে ঈদুল-ফিতরের আগে ক্লাস শুরুর কোনো সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে তৃতীয় দফার মাইগ্রেশনের প্রক্রিয়া চলছে।

এক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বুয়েটের ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর মেডিকেলের তৃতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। এরপরই প্রথম বর্ষের ক্লাস শুরুর সম্ভাবনা রয়েছে।

 

১০ জানুয়ারি দুই শিফটে বুয়েটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৮ জানুয়ারি রাতে ফল প্রকাশ করা হয়।

তবে এক মাস পেরিয়ে গেলেও ভর্তি কার্যক্রম শুরু হয়নি। 

 

গত ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর ভর্তি কার্যক্রম শুরু হবে। কিন্তু এখনো তা শুরু হয়নি।

অন্যদিকে গত বছরের ১২ ডিসেম্বর মেডিকেলের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

১৪ ডিসেম্বর ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। 

 

দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৫ হাজার ৪১ জন এবং সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৪৬ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। ভর্তি কার্যক্রম শুরু হয় ৩০ ডিসেম্বর।

পরবর্তীতে ২৫ জানুয়ারি প্রথম দফার মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়। এ সময় অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনে ভর্তির সুযোগ পান ১০২ জন শিক্ষার্থী।

 

১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার মাইগ্রেশনের ফল প্রকাশ হলে আরও ৬৮ জন শিক্ষার্থী সুযোগ পান। দ্বিতীয় দফার মাইগ্রেশনের ভর্তি কার্যক্রম শেষ হবে আগামী ১ মার্চ। বিধিমালা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনবার মাইগ্রেশনের সুযোগ পাবেন।


   আরও সংবাদ