আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩ মার্চ, ২০২৬ ১০:২৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০ বার
কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পর এবার কুয়েতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে প্রায় একই সময়ে দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই হামলা চালায় তেহরান।
গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে এই পাল্টা হামলা শুরু করেছে ইরান।
সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টার দিকে সংযুক্ত আরব আমিরাতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
আমিরাত সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই হামলা প্রতিহতের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ছোঁড়া একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে আরব আমিরাতের বিমান প্রতিরক্ষা বাহিনী। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছি।
এদিকে কুয়েতেও একই ধরনের হামলার খবর পাওয়া গেছে।
ইরান দাবি করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির জবাব দিতেই তারা এই পদক্ষেপ নিয়েছে। এই হামলার পর পুরো অঞ্চলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।