ঢাকা, শনিবার, ০৭ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে অভ্যুত্থানকারীদের দল

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৭ মার্চ, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০ বার


নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে অভ্যুত্থানকারীদের দল

নেপালের পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জেন-জি সমর্থিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। শুক্রবার প্রাথমিক ফলাফল অনুযায়ী, আরএসপি ১১০টি আসনে এগিয়ে রয়েছে। ভোট গণনায় অন্য দলগুলোর চেয়ে তারা অনেক বেশি এগিয়ে আছে।

কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী, নেপালি কংগ্রেস ও সিপিএন-ইউএমএল প্রতিটি ১০টি করে আসন নিয়ে সমঅবস্থানে রয়েছে।

অন্যদিকে, নেপালি কমিউনিস্ট পার্টি এ পর্যন্ত ৮টি আসন নিশ্চিত করতে পেরেছে। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা ৯টি আসনে জয়ী বা এগিয়ে রয়েছেন।

 

রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) নেতৃত্বে রয়েছেন বালেন্দ্র শাহ। তার দলকে জেন-জি সমর্থিত হিসেবে বর্ণনা করা হয়।

কারণ তার রাজনৈতিক উত্থান গত বছরের জেন-জি বিক্ষোভের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।

 

বালেন্দ্র শাহ একজন সাবেক র‍্যাপার। তার সামাজিক যোগাযোগমাধ্যমে শক্তিশালী উপস্থিতি রয়েছে। ডিজিটাল প্রচারণা, প্রথাগত শাসনবিরোধী বার্তা ও ঐতিহ্যবাহী রাজনৈতিক অভিজাতদের সমালোচনার মাধ্যমে তরুণ ও শহুরে ভোটারদের মধ্যে তিনি নিজের জনপ্রিয়তা তৈরি করেছেন।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় নেপালের পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রায় ছয় মাস আগে জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভে দমনপীড়নে ৭৭ জন নিহত হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। সেই ঘটনার পর এই প্রথম হিমালয় কন্যা নেপাল নতুন সংসদ নির্বাচন করতে যাচ্ছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণার জন্য তারা সব প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

নেপাল নিউজের প্রতিবেদন অনুযায়ী, কমিশন জানিয়েছে, ‘ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট’ সিস্টেমের ফলাফল ঘোষণার পরেই কেবল সমানুপাতিক প্রতিনিধিত্ব ক্যাটাগরির গণনা শুরু হবে।

 


   আরও সংবাদ