ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৯ মার্চ, ২০২৬ ০৯:১৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে বসা সালিশ বৈঠকে হামলায় এক বৃদ্ধ নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম বেহুদোলা (৬৫)। এ ঘটনায় আহতদের পরিচয় পাওয়া যায়নি।
রোববার (৮ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জের দেওয়ানজাইগীর এলাকায় একটি প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধ হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠক বসে। সালিশ চলাকালে একপর্যায়ে ছেলে পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পড়ে এবং সেখানে উপস্থিত বেহুদোলার ওপর দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় মেয়েপক্ষের সঙ্গে সংঘর্ষ বাধলে আরও অন্তত ৩ জন গুরুতর জখম হন।
পরে স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে বেহুদোলাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও ৩ থেকে ৪ জন গুরুতর আহত হয়েছেন এবং তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।