ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৯ মার্চ, ২০২৬ ০৯:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫ বার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা করায় সাংগঠনিক শাস্তির মুখে পড়েছেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।
রোববার (৮ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই শোকজ করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, রোববার সকালে দলের অনুমতি ব্যতিরেকে স্বপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে একটি মামলা দায়ের করেছেন আশরাফুল ইসলাম।
তার এই কর্মকাণ্ড দলের সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি।
শোকজ চিঠিতে আরও বলা হয়, এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে একটি মামলা দায়ের করেন আশরাফুল ইসলাম। মামলায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ‘অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন’ এবং ‘মানহানির’ অভিযোগ আনা হয়েছিল।
তবে দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বাইরে গিয়ে এই আইনি পদক্ষেপ নেওয়ায় ক্ষুব্ধ হয়েছে বিএনপি হাই কমান্ড।