ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬ ১৩:৩০ অপরাহ্ন | দেখা হয়েছে ১১ বার
ফরিদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ আলী শেখ (৪৫) নামে এক তরমুজ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকাল ৭টার দিকে ফরিদপুর-ঢাকা-মাগুরা মহাসড়কের শিবরামপুরের চন্ডিপুর গ্রামের রুবেল মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী শেখ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার বাসিন্দা এবং জবেদ আলী শেখের ছেলে বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে মৌসুমি ফলের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফরিদপুর থেকে তরমুজ বোঝাই একটি পিকআপভ্যান নিয়ে খানখানাপুরের উদ্দেশে রওনা দেন ইউসুফ আলী শেখ। পথে চন্ডিপুর এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পিকআপভ্যানটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইউসুফ আলী শেখের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন এবং পুলিশকে খবর দেন। তবে ঘটনার পরপরই পিকআপভ্যানের চালক পালিয়ে যায় বলে জানা গেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পলাতক চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
স্থানীয়দের দাবি, মহাসড়কটিতে নিয়মিত বেপরোয়া গতিতে যান চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।