ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ মার্চ, ২০২৬ ০৯:২১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯ বার
গাইবান্ধা: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাইবান্ধায় আয়োজন করা হলো এক ব্যতিক্রমী ‘১ টাকা বাজার’। এই বাজার থেকে মাত্র ১ টাকার বিনিময়ে ১৮ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করেছেন ২৫০ জন দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষ।
বুধবার (১৮ মার্চ) বিকেলে শহরের স্বাধীনতার রজত জয়ন্তী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এই উদ্যোগের আয়োজন করে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের গাইবান্ধা।
১ টাকার বিনিময়ে ক্রেতাকে দেওয়া হয় একটি মুরগি, দুই কেজি, চাল, এক কেজি, ডাল, এক লিটার সয়াবিন তেল, সেমাই, লাচ্চা, চিনি, পেঁয়াজ, আলু, মরিচ, মিষ্টি কুমড়া, দুধ, লেবু এবং বিভিন্ন মশলা।
জেলায় টানা ষষ্ঠবারের মতো এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন কবি ও সাহিত্যিক অমিতাভ দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সায়হাম রহমান।
এ সময় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও ছিন্নমূল মহিলা সংস্থার নির্বাহী প্রধান মুরশিদুর রহমান খান, কলেজশিক্ষক কেএম মুত্তুজা বানু, প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীনসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. মুসাভভির রহমান খান বলেন, আমরা সরাসরি দান না করে ১ টাকার বিনিময়ে পণ্য দিচ্ছি, যাতে উপকারভোগীরা সম্মান বজায় রেখে নিজেদের ক্রেতা হিসেবে ভাবতে পারেন। এতে তাদের আত্মমর্যাদা অটুট থাকে এবং ঈদের আনন্দও সবার সঙ্গে ভাগাভাগি করা যায়।
আয়োজকরা জানান, সংগঠনের সদস্যরা সবাই শিক্ষার্থী। তারা নিজেদের সঞ্চিত টাকা থেকে এই উদ্যোগ বাস্তবায়ন করেছেন, যেন সমাজের অসহায় মানুষরাও ঈদের আনন্দে শামিল হতে পারেন।
এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং মানবিক সহায়তার একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।