ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬ ০৯:৫৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার
চট্টগ্রাম: সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ২৫ হাজার লিটার তেল জব্দ করেছে জেলা প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) বিকেল থেকে ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে তিনটি বড় ট্যাংকারে এই বিপুল পরিমাণ তেলের মজুত খুঁজে পায় জেলা প্রশাসন। এসব ট্যাংকার থেকে ড্রামে ভরে খোলা বাজারে তেল বিক্রি করা হতো।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশে বর্তমানে তেলের কোনো প্রকৃত সংকট নেই, বরং মানুষের মধ্যে অধিক পরিমাণে তেল মজুতের একটি প্রবণতা তৈরি হয়েছে।
এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় তেল আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।
তিনি আরও বলেন, যারা দেশের শান্তিকামী মানুষকে টেনশনের মধ্যে রেখে অসাধু ব্যবসা হাসিল করতে চায়, তাদের আমরা সতর্ক করে দিতে চাই। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক বলেন, দেশে পর্যাপ্ত অকটেন, পেট্রোল ও ডিজেলের মজুত রয়েছে।
অসাধু মজুতদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

জানা গেছে, তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে চট্টগ্রামে এ পর্যন্ত প্রায় ৯৮টি মামলা করা হয়েছে। তবে ফৌজদারহাটের এই অভিযানে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।