ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৬ ১৩:৩৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২৪৮ বার
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় রিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী হৃদয় জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তবে নিহতদের পরিচয় তিনি জানাতে পারেননি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।