আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ এপ্রিল, ২০২৬ ০৯:২৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের শীর্ষ উপদেষ্টা মাহদি মোহাম্মাদি সতর্ক করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ‘মাত্র ২০ ঘণ্টা’ সময় রয়েছে। এর মধ্যে ইরানের কাছে আত্মসমর্পণ না করলে ‘তার মিত্রদের পাথর যুগে ফিরিয়ে দেওয়া হবে’।
মঙ্গলবার (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন মাহদি মোহাম্মাদি। তিনি জাতীয় নিরাপত্তা বিশ্লেষক হিসেবেও পরিচিত।
মোহাম্মাদি লেখেন, ‘উই উইল নট ব্যাক ডাউন!’ অর্থাৎ, আমরা পিছু হটব না!।
তিনি দাবি করেন, ইরান স্পষ্টভাবে এবং প্রকাশ্যেই এই যুদ্ধে জয়লাভ করেছে এবং এমন সমাপ্তিই শুধু মেনে নেবে, যা তাদের অর্জনকে সুসংহত করবে এবং অঞ্চলে একটি নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলবে।
এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে মঙ্গলবার রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এর মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে না দিলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আরও বিস্তৃত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।