ঢাকা, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত ২৫৪

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬ ০৯:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


ইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত ২৫৪

ইসরায়েলি হামলায় লেবাননে একদিনে ২৫৪ জন নিহত হয়েছে। লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, এ হামলায় ১,১৬৫ জন আহত হয়েছেন।

 

তথ্য অনুযায়ী, বৈরুতে ৯২ জন নিহত ও ৭৪২ জন আহত; বৈরুতের দক্ষিণ শহরতলীতে ৬১ জন নিহত ও ২০০ জন আহত; বালবেকে ১৮ জন নিহত ও ২৮ জন আহত; হারমেলে ৯ জন নিহত ও ৬ জন আহত; নাবতিয়াহতে ২৮ জন নিহত ও ৫৯ জন আহত; আলে জেলায় ১৭ জন নিহত ও ৬ জন আহত; সিদনে ১২ জন নিহত ও ৫৬ জন আহত; টায়ারে ১৭ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন।

এদিকে লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর চালানো ‘নৃশংস হামলার’ তীব্র নিন্দা জানিয়েছে কাতার।

 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা এ হামলাকে একটি ‘বিপজ্জনক উসকানি এবং ভ্রাতৃপ্রতিম লেবানন প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক মানবিক আইনের নিয়ম এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন (১৭০১)-এর চরম লঙ্ঘন’ বলে মনে করে।

‘পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছে।

ইসরায়েলি দখলদার বাহিনীকে লেবাননে তাদের বর্বর গণহত্যা ও বারবার হামলা বন্ধ করতে বাধ্য করতে হবে এবং আন্তর্জাতিক চুক্তি ও আইন মেনে চলার জন্য তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।’

 

অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের মতে, বুধবার লেবাননে ইসরায়েলি হামলায় যে পরিমাণ ধ্বংসযজ্ঞ এবং অন্তত ২৫৪ জনের মৃত্যু হয়েছে, তা ‘ভয়াবহ ছাড়া আর কিছু নয়’।

 

তুর্ক বলেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ ধরনের রক্তপাত অবিশ্বাস্য। এটি একটি নাজুক শান্তির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত জরুরি ছিল। আন্তর্জাতিক মানবিক আইন স্পষ্টভাবে বলে যে, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো অবশ্যই রক্ষা করতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘প্রত্যেকটি হামলা পরিচালনার সময় আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতিগুলো–যেমন পার্থক্য বজায় রাখা, আনুপাতিক হার রক্ষা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সতর্কতা অবলম্বন করা–অবশ্যই মেনে চলতে হবে।’

‘যেকোনো সশস্ত্র সংঘাতের পরিস্থিতিতেই এই নীতিগুলো অপরিবর্তনীয় এবং এগুলোকে সবসময় সম্মান করতে হবে।’

যুদ্ধবিরতিতে হিজবুল্লাহ অন্তর্ভুক্ত থাকবে না

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও তার আওতায় হিজবুল্লাহ থাকবে না। আমরা হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখছি।’

লেবাননে বুধবার ব্যাপক ও প্রাণঘাতী ইসরায়েলি হামলা হয়েছে, যাতে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন সে সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এমন সব স্থানে আঘাত হেনেছি যেখানে হিজবুল্লাহ নিজেদের নিরাপদ মনে করত।’

সূত্র: আল জাজিরা


   আরও সংবাদ