ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬ ১৬:৩৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের অনুরোধে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ দেওয়া হয়েছে।
জাতীয় সংসদ গ্যালারিতে অনূর্ধ্ব ১২ বছরের শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন রয়েছে।
শিক্ষামন্ত্রী দর্শনার্থী গ্যালারিতে আরও ১০০ আসন শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়ার আবেদন জানিয়ে স্পিকারের কাছে চিঠি লিখেছিলেন।
স্পিকার সে আবেদন মঞ্জুর করেছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এখন থেকে আরও বেশি শিক্ষার্থী সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবেন, যা ভবিষ্যৎ প্রজন্মকে সংসদীয় ও গণতান্ত্রিক চর্চার রীতির সঙ্গে পরিচিত করাবে।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন, যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে।
শিক্ষামন্ত্রী হিসেবে আমিও চাই জেন-জিরা রাষ্ট্র সম্পর্কে জানুক, রাজনীতি সচেতন হোক।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আরও জানান, তিনি জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়ার সঙ্গে এ ব্যাপারে আলাপ করতে গেলে তিনি এ উদ্যোগকে স্বাগত জানান।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা সংসদে এলে সংসদের অধিবেশন চালুর আগে সংসদ নিয়ে বিস্তারিত জানানো হবে। এতে তারা দেশের সংসদের স্থাপত্য শৈলী, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে শিক্ষা লাভ করতে পারবে।