ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ববি হাজ্জাজের ‘টাউন হল সভা’ চালু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬ ১৭:৪৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


ববি হাজ্জাজের ‘টাউন হল সভা’ চালু

ঢাকা-১৩ আসনের বাসিন্দা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে প্রথমবার উন্মুক্ত ‘টাউন হল সভা’ চালু করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার (১১ এপ্রিল) মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে এ উন্মুক্ত টাউন হল সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় ঢাকা-১৩ আসনে প্রতি মাসে টাউন হল সভা চালু থাকবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

 

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত টাউন হল সভায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসনের তিন ওয়ার্ডের বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সঙ্গে সঙ্গে উপস্থিত সেবাদানকারী প্রতিষ্ঠান ডিএনসিসি, ডিএমপি, তিতাস, ওয়াসা, ফায়ার সার্ভিস, ডিপিডিসির কর্মকর্তাদের সমস্যা সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশনা দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক ও সত্যিকার গণতন্ত্রের যে স্বপ্ন আমাদের দেখিয়েছিলেন, তা আমরা এ দেশের মাটিতে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এলাকাবাসীকে নিয়ে টাউন হল সভা প্রতিমাসে চালু রাখব।

নির্বাচনের আগে আমি ঘোষণা করেছিলাম প্রতি মাসে আমি এলাকাবাসীর সঙ্গে উন্মুক্ত সভা করবো। রোজার মাস হওয়ায় গত মাসে সম্ভব হয়নি।

এ মাস থেকে শুরু হলো। যতদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ সরকার থাকবে, আমি জনপ্রতিনিধি হিসেবে যতদিন আছি ইনশাআল্লাহ প্রতি মাসে এ উন্মুক্ত টাউন হল সভা চালু থাকবে।
pic

 

প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রের ইতিহাসে দেখবেন সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, শুরু হয় এলাকা, মহল্লা ও জায়গায় জায়গায় টাউন হল সভার মাধ্যমে। এলাকাবাসী, জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে যেন উন্মুক্ত আলোচনা হয় সেটিই এ টাউন হল সভার লক্ষ্য। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ঢাকা-১৩ আসনে ৩১, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে টাউন হল সভা শুরু হলো। 

এলাকার বিভিন্ন সেবার মানোন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য এলাকারবাসীকে সহযোগিতার আহ্বান জানিয়ে ববি হাজ্জাজ বলেন, বিপুল জনসংখ্যার জন্য সরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় লোকবল অনেক কম। তাই আমি এলাকাবাসীকে সহযোগিতার জন্য অনুরোধ করছি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঢাকা-১৩ আসনকে একটি মডেল এলাকায় পরিণত করতে সক্ষম হবো।

এর আগে সভার শুরুতে এলাকাবাসীর উদ্দেশে সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা বক্তব্য দেন। পরে উন্মুক্ত আলোচনায় উপস্থিত এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, জলাবদ্ধতা, লোডশেডিং, গ্যাসের সংকট এবং রাস্তা ও ফুটপাত দখলের বিষয় উল্লেখ করেন।
 
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানার সঞ্চালনায় সভায় অন্যদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান।


   আরও সংবাদ