আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬ ১৮:৪৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১১ বার
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো দফা আলোচনার পরিকল্পনা নেই তেহরানের।
আল জাজিরার বরাতে তিনি বলেন, ওয়াশিংটন বাস্তবায়নের সময় চুক্তি লঙ্ঘন করেছে, তাই নতুন আলোচনা নিয়ে আগ্রহ নেই ইরানের।
বাঘাই আরও বলেন, অতীতের কূটনৈতিক আলোচনার সময় যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছিল, এই অভিজ্ঞতা তেহরান ভুলতে পারবে না। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় পদক্ষেপ অব্যাহত রাখবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং এর আগের ১২ দিনের সংঘাত উভয় সময়ই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো ‘গুরুত্বহীন’ এবং তাদের দাবি ‘অবাস্তব’।
পাশাপাশি তিনি বলেন, কোনো ধরনের চূড়ান্ত সময়সীমা বা আলটিমেটামে বিশ্বাস করে না তেহরান।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তির শর্ত মেনে না নেয়, তাহলে দেশটির বেসামরিক অবকাঠামো ধ্বংস করা হবে।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে চুক্তি প্রস্তাব করছে, যার মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরান যেন সমৃদ্ধ ইউরেনিয়াম না রাখে তা নিশ্চিত করা—এটি ‘খুবই ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তি’।
তবে এই শর্তগুলো মেনে না নিলে ইরানের সবগুলো বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করে দেওয়ার হুমকি দেন ট্রাম্প।
অন্যদিকে, তেহরান যুক্তরাষ্ট্রের দাবিকে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগমূলক’ বলে প্রত্যাখ্যান করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান