ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬ ০৯:৩৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক সম্ভাব্য প্রার্থীদের সংসদের সাধারণ নির্বাচনের মতোই কিছু যোগ্যতা-অযোগ্যতার শর্ত পূরণ করতে হবে। এক্ষেত্রে সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসরণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

 

সোমবার (২০ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

সংবিধানের ৬৬ অনুচ্ছেদের দফা ১ ও ২ অনুযায়ী, কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলে এবং ২৫ বছর বয়স হলে সংসদের সদস্য নির্বাচিত হতে এবং সংসদ সদস্য থাকতে পারবেন।

এটিকে যোগ্যতা হিসেবে ধরা হচ্ছে।

 

আবার এই যোগ্যতা থাকলেও অন্য কারণে একজন ব্যক্তি অযোগ্য হতে পারেন।

এক্ষেত্রে কোনো উপযুক্ত আদালত থেকে তিনি অপ্রকৃতিস্থ হিসেবে ঘোষিত হলে, ফেরারী আসামী ঘোষিত হলে, দেউলিয়া হওয়ার পর দায় থেকে অব্যাহতি না পেলে, কোনো বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে কিংবা বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলে তা অযোগ্যতা হিসেবে গণ্য হবে। তবে পরবর্তীতে যদি বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন কিংবা পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন, তবে অযোগ্য হবেন না।

 

এছাড়া কোনো ব্যক্তি নৈতিক স্খলনজনিত কারণে কোনো ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ড পেলে, কারাভোগের পর পাঁচ বছর সময় অতিবাহিত না হলে তিনি প্রার্থী হতে পারবেন না।

এদিকে ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীনে যে কোনো অপরাধের জন্য দণ্ডিত হয়ে থাকলে এবং প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে আসীন থাকলেও সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে অযোগ্য হতে হবে। আবার মনোনয়নপত্রের সঙ্গেও বেশ কিছু তথ্য উল্লেখ করার বিধান রয়েছে, যেগুলোর ঘাটতি থাকলে মনোনয়নপত্র বাতিল হতে পারে। আবার হফলনামায় মিথ্যা তথ্য দিলেও বাতিল হতে পারে প্রার্থিতা।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১২(১) এর উপ-দফা (কক) অনুযায়ী, তিনি যদি আদালত কর্তৃক ফেরারি বা পলাতক আসামী হিসাবে ঘোষিত হয়ে থাকেন, উপ-দফা (গ) তিনি প্রজাতন্ত্রের বা কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন, উপ-দফা (ড) অনুযায়ী কোম্পানীর পরিচালক বা ফার্মের অংশীদার হন [যাহা] কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত কোন ঋণ বা তার কোনো কিস্তি মনোনয়নপত্র দাখিলের দিনের পূর্বে পরিশোধে ব্যর্থ হলে নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন। কিন্তু অনুচ্ছেদ ১২ এর দফা (১) এর উপ-দফা (ঠ) কৃষি কাজের জন্য গৃহীত ক্ষুদ্র কৃষি ঋণ ব্যতীত, মনোনয়নপত্র দাখিলের দিনের পূর্বে ব্যাংক হতে গৃহীত কোনো ঋণ বা তার কোনো কিস্তি পরিশোধে ব্যর্থ হলে নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন। সেই সাথে উপ-দফা (ঢ) অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের দিনের পূর্বে প্রদেয় সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য কোন সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ করতে ব্যর্থ হলে নির্বাচনে প্রার্থী হতে অযোগ্য হবেন। অনুচ্ছেদ ১২(৩খ) উপ-দফা (২) এর অধীন প্রত্যেক মনোনয়নপত্রের সহিত প্রার্থী কর্তৃক স্বাক্ষরিত একটি হলফনামা যাহার সহিত সর্বশেষ করবছরের আয়কর রিটার্নের কপি সংযুক্ত করিয়া দাখিল করতে হবে। এছাড়াও কোনো ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ এর ৯(১) ধারা মতে কোন আনুষ্ঠানিক অভিযোগপত্র (formal charge) দাখিল করা হলে উক্ত ব্যক্তি একই আইনের ২০সি (১)(এ) ধারা মোতাবেক সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ার বা সংসদ সদস্য পদে বহাল থাকার অযোগ্য হবেন।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সংসদের সাধারণ নির্বাচনের প্রাপ্ত আসনের অনুপাতে দলগুলো নারী আসন পাবে। এক্ষেত্রে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র প্রার্থীদের মোর্চা একটি আসন পাবে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জোটগুলো একাধিক প্রার্থী না দিলে সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ইতিমধ্যে বিএনপি জোট ৩৬ জনকে দলীয় মনোনয়ন দিয়েছেন। জামায়াত জোটও ১৩ জনের মনোনয়নপত্র নির্বাচন কমিশন থেকে সংগ্রহ করেছেন। অন্য কোনো জটিলতা তৈরি না হলে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে আগামী ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে সংশ্লিষ্টদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা।

জানাগেছে, এখন পর্যন্ত ৪৩১ জন প্রার্থী ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে পাঁচজন মনোনয়নপত্র জমাও দিয়েছেন। তারা হলেন-সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ ও নিপুন রায় চৌধুরী।


   আরও সংবাদ