ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬ ০৯:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯ বার
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জুলাইশহীদ শিশু জাবির ইব্রাহিমের মা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা রোকেয়া বেগমকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফলে তার এমপি হয়ে সংসদে যাওয়া প্রায় নিশ্চিত।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত হওয়া ১৩ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়। এই তালিকায় জাবিরের মা রোকেয়া বেগমের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট বাবার হাত ধরা অবস্থায় পুলিশ রাজপথে গুলি করে হত্যা করে ছোট্ট শিশু জাবিরকে। ছয় বছর বয়সী জাবির উত্তরার কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের নার্সারির ছাত্র ছিল।
তার সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং শহীদ পরিবারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মা রোকেয়া বেগমকে এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য জোট মোট ৭৭টি আসনে জয়লাভ করে।
সংসদীয় বিধান অনুযায়ী, বিজয়ী সাধারণ আসনের আনুপাতিক হারে জোটটি সংরক্ষিত নারী আসনে ১৩টি আসন লাভ করেছে।
এর মধ্যে জামায়াতের এককভাবে ১২টি আসন পাওয়ার কথা ছিল। তবে দলটি তার জোট শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাগপাকে একটি করে আসন ছেড়ে দিয়েছে। এনসিপির সংরক্ষিত আসন একটি পাওয়ার কথা থাকলেও জামায়াতের ছাড়ে তা হয়েছে দুটি।
জামায়াত একটি আসনে মনোনয়ন দিয়েছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রকৌশলী মারদিয়া মমতাজকে। জুলাইশহীদ জাবিরের মাকে মনোনয়ন দেওয়া জামায়াত সাতটি আসনে মনোনয়ন দিয়েছে দলীয় নেত্রীদের।
এই জোটে জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থীরা হলেন- নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।
শরিক দলগুলোর মধ্যে এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও ডা. মাহমুদা আলম মিতু। মনোনয়ন পেয়েছেন জুলাইশহীদ জাবিরের মা রোকেয়া বেগম, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম।