ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬ ১৪:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার
নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এসেছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে এ নিয়ে ভিন্ন মত প্রকাশ করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান জানিয়েছেন তিনি।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সভায় দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন।
মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় এসেছে-এটাই দলের দৃঢ় অবস্থান। তিনি অভিযোগ করেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এবং বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরাতে চায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরের ‘ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে’-এমন বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার জন্য একটি চক্র সক্রিয় রয়েছে এবং বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরানোর চেষ্টা চলছে।
ছাত্র রাজনীতির প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে।
এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শ্রমিক ইস্যুতে তিনি বলেন, গত ১৭ বছর শ্রমিকরা বঞ্চিত ছিলেন। তাদের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি কাজ চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
এদিকে, আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া এ সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক তানভীর আহমেদ রবিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ দলীয় নেতারা।