ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬ ২১:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ২৪ বার
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৫-৩৮ বছর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেট বটতলার শহীদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী শিক্ষার্থী মো. মেজবাহ জানান, পৌনে ৮টার দিকে নিউমার্কেট এক নম্বর গেটের সামনের রাস্তায় দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেল করে এসে ওই ব্যক্তিকে এলোপাতাড়ি গুলি করতে থাকে।
তখন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি। একপর্যায়ে আশপাশের লোকজন মিলে তাদের ধাওয়া দিলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
যাওয়ার পথে লোকজনদের ভয় দেখানোর জন্যও গুলি ছোড়ে। পরে হামলাকারীদের একজন ফিরে এসে গুলিবিদ্ধ ওই ব্যক্তির কাছে দাঁড়িয়ে আবারও গুলি চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করে।
তিনি আরও জানান, পরে রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত ব্যক্তির মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।