ঢাকা, শুক্রবার, ০১ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘একাত্তরের চেতনা’ বিক্রি করছে বিএনপি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ মে, ২০২৬ ১৭:৩৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


‘একাত্তরের চেতনা’ বিক্রি করছে বিএনপি

পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই ক্ষমতাসীন বিএনপি এখন ‘একাত্তরের চেতনা’ বিক্রি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলটির মুখপাত্র রাশেদ প্রধান।

শুক্রবার (১ মে) রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে মহান মে দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

‘শ্রমিক জনতার ডাক, গণভোটের রায়ে জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক এ সভার আয়োজন করে শ্রমিক জাগপা।

রাশেদ প্রধান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সিংহভাগ সময় ক্ষমতাসীন বিএনপি সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী আমলের শেখানো বুলিই ব্যবহার করেছে।

আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ জামায়াত-শিবির ও বিএনপিকে রাজাকার বলত। ভাগ্যের কী নির্মম পরিহাস, সেই বিএনপিই এখন ক্ষমতায় গিয়ে তাদের এক সময়ের সঙ্গী জামায়াত-শিবিরকে রাজাকার বলছে!

 

তিনি বলেন, শুনেছিলাম, যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ।

বিএনপিকে দেখে মনে হচ্ছে—যে-ই ক্ষমতায় যায়, সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে ওঠে। বাস্তবতা হলো, আওয়ামী লীগের মতোই এখন একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি।

 

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে জাগপা মুখপাত্র বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব পবিত্র সংসদে বলেছেন যে, নির্বাচন যাতে বিলম্বিত না হয়, সেজন্য বিএনপি জুলাই জাতীয় সনদে আপস করেছে। তার কথায় এটিই প্রমাণিত হয়েছে যে—জুলাই সনদ গুরুত্বপূর্ণ নয়, বরং যেকোনো মূল্যে দ্রুত ক্ষমতায় বসাই ছিল বিএনপির মূল লক্ষ্য। তার বক্তব্যে আরও স্পষ্ট হয়েছে যে, ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য গণভোটে 'হ্যাঁ'-ভোটের পক্ষে মিথ্যা প্রচারণা চালিয়েছিলেন।

নতুন করে আন্দোলনের ডাক দিয়ে রাশেদ প্রধান বলেন, আমাদের আবারও নতুন একটি গণঅভ্যুত্থান গড়ে তুলতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আমরা আর কোনো নতুন ফ্যাসিবাদ বরদাস্ত করব না।

শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় মে দিবসের এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম প্রমুখ।


   আরও সংবাদ