ঢাকা, মঙ্গলবার, ০৫ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৫ মে, ২০২৬ ০৯:২৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র প্রায় চার হাজার সদস্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন। আগামী মঙ্গলবার (৫ মে) বিকেল ৩টায় এনসিপির কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে সংগঠনটির নেতারা আনুষ্ঠানিকভাবে দলে নাম লেখাবেন।

সোমবার (৪ মে) এনসিপি ও ‘ওয়ারিয়র্স অব জুলাই’র কেন্দ্রীয় একাধিক নেতা এতথ্য জানিয়েছেন।

 

যোগদান উপলক্ষে সম্প্রতি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র নেতারা।

বৈঠকে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান, সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মুস্তাইম বিল্লাহ হাবীবি, কোষাধ্যক্ষ মো. গোলাম আজম, কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন সম্পাদক মো. মতূজা এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির শিকদার।

 

কী চিন্তা-ভাবনা থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন জানতে চাওয়া হলে ‘ওয়ারিয়র্স অব জুলাই’র সভাপতি মো. সালমান বলেন, বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে আমরা সংগঠনের সব নেতাকর্মী সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি এনসিপিতে যুক্ত হওয়ার বিষয়ে।

দীর্ঘ দেড় বছর ধরে আমরা ছোট একটি সংগঠন নিয়ে লড়াই করে আসছিলাম জুলাই সনদসহ, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে। কিন্তু বর্তমান সময়ে সরকারের যে মনোভাব সেখানে আমাদের ছোট সংগঠন থেকে লড়াই করে তেমন ফল মিলছে না।

সব মিলিয়ে গণভোট, জুলাই সনদ, জুলাই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের সব সংগ্রাম। আর সেই সংগ্রামকে বাস্তবে রূপান্তরিত করতে, দেশের মানুষের চাওয়া পূরণ করতে আমরা এই ঐতিহাসিক উদ্যোগ নিয়েছি।

 

‘ওয়ারিয়র্স অব জুলাই’র সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী বলেন, দেশজুড়ে বিস্তৃত কাজ রয়েছে এমন সবচেয়ে বড় সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’। আমরা যেসব পরিবর্তনের চিন্তা মাথায় রেখে জীবন বাজি রেখে রাজপথে নেমেছিলাম, সেসব পরিবর্তনে-সংস্কারে বর্তমান সরকারের অনীহা আজ সবার সামনে স্পষ্ট। এজন্য সংস্কারের যে আশা সেই আশাটুকু বাঁচিয়ে রাখতে জুলাইয়ের ভ্যানগার্ড এনসিপির মিছিলে যোগ দেওয়ার বিকল্প নেই। আমরা যেমন যুক্ত হচ্ছি, একইসঙ্গে দেশবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানাই।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, জুলাইযোদ্ধাদের একটি বড় অংশ এনসিপির রাজনীতিতে যুক্ত হচ্ছেন, এটি আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক একটি বিষয়। সব শ্রেণি-পেশার, চিন্তাধারার মানুষ দেশের স্বার্থে রাজনীতি করতে এনসিপিকে বেছে নিচ্ছে এটাই এই মুহূর্তের বাস্তবতা। আমরা আরও সাংগঠনিক শক্তি অর্জনের দিকে মনোযোগ দেব, মানুষের জীবনের সমস্যাগুলো সমাধানের রাজনীতি করে যাব।


   আরও সংবাদ