আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ মে, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার
মার্কিন সংবাদমাধ্যম ক্যাবল নিউজ নেটওয়ার্কের (সিএনএন) প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন।
বুধবার (৬ মে) আটলান্টায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার বয়স হয়েছিল ৮৭ বছর। সিএনএন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ওহাইওতে জন্ম নেওয়া আটলান্টার এই ব্যবসায়ী তার স্পষ্টভাষী স্বভাবের জন্য ‘দ্য মাউথ অব দ্য সাউথ’ ডাকনামে পরিচিত ছিলেন। তিনি এমন এক বিশাল মিডিয়া সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, এর মধ্যে ছিল ক্যাবল টিভির প্রথম সুপারস্টেশন এবং চলচ্চিত্র ও কার্টুনের জন্য জনপ্রিয় সব চ্যানেল।
এর পাশাপাশি আটলান্টা ব্রেভস’র মতো পেশাদার স্পোর্টস টিমও তার সাম্রাজ্যের অংশ ছিল।
টার্নার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাবিকও ছিলেন।
তিনি ছিলেন একজন লোকহিতৈষী, যিনি জাতিসংঘ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন, একজন সক্রিয় কর্মী, যিনি বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নির্মূলের চেষ্টা করেছিলেন এবং একজন সংরক্ষণবাদী হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ভূস্বামী হয়ে উঠেছিলেন। আমেরিকার পশ্চিমাঞ্চলে বাইসন বা বন্য মহিষ পুনরায় ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এমনকি শিশুদের পরিবেশ সম্পর্কে সচেতন করতে তিনি ‘ক্যাপ্টেন প্ল্যানেট’ কার্টুনটি তৈরি করেছিলেন।
তবে বিশ্বজুড়ে রিয়েল-টাইমে ২৪ ঘণ্টা খবর পৌঁছে দেওয়ার যে সাহসী দৃষ্টিভঙ্গি তিনি দেখিয়েছিলেন, সেটিই মূলত তাকে বিখ্যাত করে তোলে। ১৯৯১ সালে টাইম ম্যাগাজিন টার্নারকে ‘ম্যান অব দ্য ইয়ার’ হিসেবে মনোনীত করে, কারণ তিনি ঘটনার গতিধারাকে প্রভাবিত করেছিলেন এবং ১৫০টি দেশের দর্শকদের ইতিহাসের তাৎক্ষণিক সাক্ষীতে পরিণত করেছিলেন। টার্নার শেষ পর্যন্ত তার নেটওয়ার্কগুলো টাইম ওয়ার্নারের কাছে বিক্রি করে ব্যবসা থেকে সরে দাঁড়ান, তবে সিএনএন নিয়ে সবসময় গর্ব প্রকাশ করতেন এবং এটিকে তাঁর জীবনের শ্রেষ্ঠ অর্জন বলে অভিহিত করতেন।
সিএনএন ওয়ার্ল্ডওয়াইডের চেয়ারম্যান ও সিইও মার্ক থম্পসন এক বিবৃতিতে বলেন, টেড ছিলেন একজন নিবিড়ভাবে সম্পৃক্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ নেতা, সাহসী, নির্ভীক এবং সর্বদা নিজের বিচারবুদ্ধির ওপর আস্থা রাখতে ইচ্ছুক। তিনি সিএনএনের চালিকাশক্তি ছিলেন এবং চিরকাল থাকবেন। টেড হলেন সেই মহীরুহ, যার কাঁধে আমরা দাঁড়িয়ে আছি। আজ আমরা সবাই তার প্রতি এবং আমাদের জীবন ও বিশ্বের ওপর তার প্রভাবের প্রতি শ্রদ্ধা জানাবো।
উলফ ব্লিজার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সকালে সম্প্রচারের সময় টার্নারের মৃত্যুর খবর ঘোষণা করতে গিয়ে বলেন, তিনি ছিলেন এক কিংবদন্তি; সিএনএনের মাধ্যমে প্রথম ২৪ ঘণ্টার সংবাদ চ্যানেল তৈরি করে তিনি টেলিভিশন ব্যবসাকে বদলে দিয়েছিলেন।
ব্লিজারের সহ-উপস্থাপক পামেলা ব্রাউন বলেন, টেড ছিলেন বলেই আজ আমরা সবাই এখানে কাজ করতে পারছি।
ক্রিস্টিয়ান আমানপুর বলেন, তিনি ছিলেন অনন্য। তিনি আমাদের গর্বিত করেছিলেন, আশাবাদী করেছিলেন এবং একটি সুন্দর বিশ্বের জন্য তার লক্ষ্য পূরণে আমাদের উদ্বুদ্ধ করেছিলেন।
২০১৮ সালে তার ৮০তম জন্মদিনের ঠিক এক মাস আগে টার্নার প্রকাশ করেছিলেন যে তিনি লুই বডি ডিমেনশিয়ায় (মস্তিষ্কের একটি ব্যাধি) আক্রান্ত। ২০২৫ সালের শুরুর দিকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন এবং পরে একটি পুনর্বাসন কেন্দ্রে সুস্থ হয়ে ওঠেন।