ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২ মে, ২০২৬ ১৫:৪০ অপরাহ্ন | দেখা হয়েছে ৮ বার
লেবাননে ইসরায়েলি বাহিনীর জঘন্য হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায়। এতে উল্লেখ করা হয়, লেবাননে ইসরায়েলের হামলায় সাতক্ষীরার রফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদ নামে দুই বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সরকার নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও গভীর সমবেদনা প্রকাশ করছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।
দূতাবাস নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ রাখছে।
এতে আরও বলা হয়, এ অঞ্চলে চলমান সহিংসতা ও বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ, সর্বোচ্চ সংযম ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে।