ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২ মে, ২০২৬ ১৬:৪৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার
কোরবানির সব পশুরহাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে কোরবানির সব পশুরহাটে আনসার সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানি ঘিরে চাঁদাবাজির তথ্য রয়েছে সরকারের কাছে।
এগুলো বন্ধে সর্বোচ্চ কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় চাঁদাবাজির ঘটনা জানানোর জন্য ১৬৬১১৩ হটলাইন নম্বরে ফোনকল দেওয়ার অনুরোধও করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ঈদুল আজহার আগের এবং পরের সাতদিন পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল করা হবে।
তিনি আরও বলেন, ঈদুল আজহায় নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন, তাদের নির্দেশ দেওয়া হয়েছে মানুষের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার জন্য। পশুরহাট ১৫টি হবে উত্তর সিটি করপোরেশন এলাকায় আর ১১টি হবে দক্ষিণ সিটি করপোরেশনে। এ ছাড়া কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান মন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদের আগে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে। বিজিএমইএ ও বিকিএমইএ এ বিষয়ে রাজি হয়েছে।