ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৬ মে, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার


বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত দুই দিনের উচ্চপর্যায়ের সংলাপ শেষে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল ও লেবানন। শুক্রবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বৈঠক শেষে এ ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পিগোট জানান, গত ১৬ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববার শেষ হওয়ার কথা থাকলেও নতুন আলোচনার মাধ্যমে তা আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হয়েছে। তিনি বলেন, দুই দিনের এই সংলাপ ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং এতে উভয় দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারাও অংশ নেন।

 

গত ২ মার্চ দক্ষিণ লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইরানে মার্কিন বিমান হামলার তিন দিন পর শুরু হওয়া এ অভিযানের মূল লক্ষ্য ছিল, লেবাননভিত্তিক শিয়াপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দুর্বল করা।

 

প্রায় দেড় মাসের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৬ এপ্রিল যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। তবে যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে একাধিক হামলা চালিয়েছে আইডিএফ।

এসব হামলায় কয়েকজন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার খবরও পাওয়া গেছে।

 

সংঘাত চলাকালে ২ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণ লেবাননে নিহত হয়েছেন অন্তত ২ হাজার ৮১৪ জন। আহত হয়েছেন ১২ হাজারের বেশি মানুষ। এছাড়া নিরাপত্তাহীনতার কারণে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ১০ লাখেরও বেশি লেবানিজ নাগরিক।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনে অনুষ্ঠিত এই সংলাপ বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ কয়েক দশক পর ইসরায়েল ও লেবাননের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় অংশ নিলেন।

টমি পিগোট আরও জানান, আগামী ২৯ মে’র মধ্যে পেন্টাগনের কর্মকর্তারা দুই দেশের জন্য একটি নতুন নিরাপত্তা কাঠামোর প্রস্তাব উপস্থাপন করবেন। সেই প্রস্তাবের ভিত্তিতে আগামী ২ থেকে ৩ জুন আবারও ওয়াশিংটনে বৈঠকে বসবেন দুই দেশের প্রতিনিধিরা।

তিনি আশা প্রকাশ করে বলেন, চলমান সংলাপ দুই দেশের মধ্যে স্থায়ী শান্তির ভিত্তি আরও শক্তিশালী করবে এবং সীমান্ত নিরাপত্তা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি সম্মান বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

সূত্র : রয়টার্স


   আরও সংবাদ