ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ মে, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫ বার


চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (১৬ মে) চাঁদপুর জেলা সফরে যাচ্ছেন। 

সফরে তিনি কুমিল্লায় একটি পথসভায় অংশ নেবেন এবং চাঁদপুরে দুটি খাল পুনঃখননকাজের উদ্বোধন করবেন।

 

এ ছাড়া ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

শুক্রবার (১৫ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

 

প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। পথে সকাল সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য দেবেন তিনি।

 

এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখননকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটসংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দিয়ে উদ্বোধন করবেন তিনি।

 

দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

এরপর বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তারেক রহমান। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কুমিল্লা জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্যান্ডেল নির্মাণসহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সভাস্থল পরিদর্শনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কড়া নজরদারি শুরু করেছে।

প্রধানমন্ত্রী আজ চাঁদপুর জেলা সফরে যাওয়ার পথে সকাল ১১টায় কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন।

সফরকে কেন্দ্র করে মাঠ পরিচর্যা, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর সড়কের সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। মহাসড়কের বিভাজকে নতুন রঙের প্রলেপ দেওয়া হয়েছে। এ ছাড়া ভাঙা সড়কও মেরামত করা হয়েছে।


   আরও সংবাদ