ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চীনে ৫.২ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৮ মে, ২০২৬ ১৫:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


চীনে ৫.২ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ চীনের গুয়াংশি অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ১৩ ভবন ধস হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

সোমবার (১৮ মে) চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১৭ মে) রাত ১২টা ২১ মিনিটে গুয়াংশি অঞ্চলের লিউঝৌ শহরে এই ভূকম্পন অনুভূত হয়।

ঘটনার পর থেকে আজ সকাল পর্যন্ত এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

এ ছাড়া ভূমিকম্পের তীব্রতায় ওই অঞ্চলের অন্তত ১৩টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

 

এদিকে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, এই দুর্ঘটনায় যে দুজন মারা গেছেন তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। নিহতদের মধ্যে স্বামীর বয়স ৬৩ বছর এবং স্ত্রীর বয়স ৫৩ বছর।

নিখোঁজ থাকা অন্য ওই নাগরিককে খুঁজে বের করতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। যেকোনো ধরণের বড় ঝুঁকি এড়াতে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে এলাকা থেকে ৭ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

 

সিসিটিভির প্রচারিত ভিডিও চিত্রে দেখা গেছে, ভূমিকম্প শুরু হতে বহুতল ভবনগুলো থেকে আতঙ্কিত মানুষজন তাড়াহুড়ো করে রাস্তায় নেমে আসছেন। এছাড়া ভেঙে পড়া বাড়িঘরের পাশে ধ্বংসস্তূপের বিশাল স্তূপ জমে থাকতে দেখা গেছে।

ভিডিওতে আরও দেখা যায়, মাথায় হেলমেট পরা জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা ভারী মাটি সরানোর যন্ত্র (আর্থমুভার) দিয়ে দুর্ঘটনাকবলিত এলাকার ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধারকারী দলের সদস্যরা ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি চালাচ্ছেন এবং তাদের সঙ্গে থাকা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলোও শনাক্তকরণের চেষ্টা করছে।


   আরও সংবাদ